Central Force in Bengal: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কোথায় কত কেন্দ্রীয় বাহিনী এল? – Bengali News | From North Bengal to South Bengal, where did the central forces come from?
ধূপগুড়ি ও হুগলি: বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। যে কোনও মুহূর্তে সামনে আসতে পারে ভোটের নির্ঘণ্ট। এরইমধ্যে এবার বাংলায় শোনা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই একই ছবি। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলায় এল চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রবিবার বিকেল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লকেই রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ছিলেন জেলা পুলিশ প্রশাসনের অধিকারিকরা। এই চারটি কোম্পানি জেলার কুমারগঞ্জ, গঙ্গারামপুর, কুশমণ্ডি ও হরিরামপুরে এসেছে। আরও ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দ্রুত জেলায় আসবে বলে জানা গিয়েছে। এখন পর্যন্ত বালুরঘাটেও আসেনি কেন্দ্রীয় বাহিনী। আজ কুমারগঞ্জ, তপন হরিরামপুর ও বালুরঘাটের পাগলীগঞ্জ এলাকায় ভয়ভীতি দূর করতে রুট মার্চ করানো হয়েছে।
অন্যদিকে ধূপগুড়িতেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। শহরের অলিগলিতে শুরু হয়ে যায় রুট মার্চ। বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শনও করে জওয়ানরা। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের আধিকারিক। ধূপগুড়ির পাশাপাশি এদিন ডাউকিমারি এলাকাতেও রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের আধিকারিকরাও। ধূপগুড়ি ও ডাউকিমারির বিভিন্ন গ্রামীণ রাস্তা এবং শহরের গুরুত্বপূর্ণ পথ পরিদর্শনের পাশাপাশি সম্ভাব্য ভোটকেন্দ্রগুলিতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন জওয়ানরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তাঁরা।
হুগলির শ্রীরামপুরেও দেখা গেল একই ছবি। শুরু রুট মার্চ। গতকাল রাতেই ডানকুনিতে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায়। এদিন বিকাল থেকেই শ্রীরামপুরে বিস্তীর্ণ অঞ্চলে শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সঙ্গে ছিলেন চন্দননগর কমিশনারেটের এসিপি ২ জি আরবিন্দ ও শ্রীরামপুর থানার আইসি সুখময় চক্রবর্তী। শ্রীরামপুর বাস টার্মিনাল থেকে নওগাঁর মোড় পর্যন্ত রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী।