Balurghat: সরকারি অফিসে ফের এল হুমকি মেইল – Bengali News | Bomb threat in Balurghat South Dinajpur
বালুরঘাটে সরকারি অফিসে হুমকিImage Credit: Tv9 Bangla
বালুরঘাট: আবারও বোমাতঙ্ক, বালুরঘাট হেড পোস্ট অফিসে চরম আতঙ্ক। আবারও মেইল করে পোস্ট অফিসের পাসপোর্ট সেকশনে বোম রাখার হুমকি দেওয়া হয়। এমন মেল পেতেই আতঙ্ক ছড়ায় পোস্ট অফিসের কর্মীদের। যদিও, ওই সময় কোন গ্রাহক ছিল না। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বোম স্কোয়ার্ড ও পুলিশ আধিকারিকরা। কিছু বাদে আনা হয় স্নিপার ডগ। এরপরই পুলিশি তৎপরতা শুরু হয়েছে।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যার একটু আগেই অফিস মেলে এই হুমকির মেল আসে। এদিকে বোম স্কোয়ার্ড ও স্নিপার ডগ দিয়েও এদিনও এখন পর্যন্ত কোনও কিছু খুঁজে পাওয়া যায়নি। ভুয়ো হুমকির মেল বলেই প্রাথমিক অনুমান পুলিশের।
এদিকে গত বৃহস্পতিবার ও শুক্রবার পরপর দুদিন এমন হুমকির ভুয়ো মেল মিলেছে। মাঝে শনিবার এমন মেল মিলেছিল না। সোমবার সন্ধ্যায় আবার এমন মেল আসে। কারা এই মেল পাঠাচ্ছে তা এখনো পরিষ্কার নয়। অন্যদিকে একের পর এক এই হুমকি মেলে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বলে জানিয়েছেন বালুরঘাট হেড পোস্ট অফিসের সুপারিন্টেন্ডেন্ট কুন্তল গোস্বামী। এখানে উল্লেখ্য, চলতি সপ্তাহ ও গত সপ্তাহে টানা বিভিন্ন জেলায় জেলায় সরকারি অফিসগুলিতে বোমা হুমকির খবর সামনে এসেছে। জেলাশাসক অফিস থেকে পোস্ট অফিস,পাসপোর্ট অফিস উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। এবার এই নিয়ে পরপর চারদিন বোমাতঙ্কের ঘটনা ঘটল।