দোল খেলার পর মেঝের জেদি দাগ নিয়ে চিন্তিত? এই ৫ ঘরোয়া টোটকায় ঘর হবে চকচকে – Bengali News | Holi Floor Cleaning Tips: 5 Easy Home Remedies to Remove Stubborn Color Stains from Floor
রঙের উৎসব মানেই আনন্দ, হুল্লোড় আর আবির-গুলালের খেলা। কিন্তু মুশকিলটা হয় ঠিক পরের দিন। নিজের গায়ের রঙ না হয় সাবান-শ্যাম্পু দিয়ে তোলা যায়, কিন্তু ড্রয়িং রুম বা বারান্দার মেঝের সেই জেদি লাল-নীল-সবুজ ছোপগুলো? অনেকেই ঘণ্টার পর ঘণ্টা ঘষাঘষি করেও মেঝের টাইলস বা মার্বেল থেকে রঙের দাগ তুলতে কালঘাম ছুটিয়ে ফেলেন। বিশেষ করে রাসায়নিক মেশানো পাকা রঙ যদি একবার মেঝেতে শুকিয়ে যায়, তবে তা তোলা কার্যত দুঃসাধ্য হয়ে দাঁড়ায়।
সাধারণ ডিটারজেন্টে অনেক সময় কাজ তো করেই না উল্টে মেঝে তার স্বাভাবিক জেল্লা হারিয়ে ফেলে। চিন্তা নেই! আপনার ঘরকে আগের মতো ঝকঝকে করে তুলতে রান্নাঘরের সাধারণ কিছু উপকরণই হতে পারে তুরুপের তাস। জেনে নিন দোল-পরবর্তী ঘর পরিষ্কারের ৫টি ম্যাজিক টিপস।
বেকিং সোডা ও লেবুর কেরামতি
মেঝের রঙ তুলতে বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট অত্যন্ত কার্যকর। এক গবেষণায় দেখা গিয়েছে, এর ক্ষারীয় ভাব জেদি দাগ হালকা করতে সাহায্য করে। কিছুটা বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। দাগের ওপর সেই মিশ্রণ লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর পুরনো টুথব্রাশ বা ভিজে কাপড় দিয়ে হালকা ঘষলেই দেখবেন ম্যাজিকের মতো দাগ উঠে আসছে। এটি মার্বেল বা টাইলসের জন্য নিরাপদ।
সাদা ভিনিগারের জাদু
ভিনিগার শুধু খাবারের স্বাদ বাড়ায় না, এটি একটি প্রাকৃতিক ক্লিনজারও বটে। এক বালতি ঈষদুষ্ণ জলে আধ কাপ সাদা ভিনিগার মিশিয়ে নিন। এবার সেই জল দিয়ে ঘর মুছলে রঙের হালকা দাগ অনায়াসেই চলে যাবে। পাশাপাশি মেঝেতে বাড়তি উজ্জ্বলতাও ফিরে আসবে।
টুথপেস্টের ব্যবহার
দাঁত ঝকঝকে করার পাশাপাশি মেঝে চকচকে করতেও টুথপেস্ট দারুণ কাজ করে। মেঝের যে জায়গায় রঙের জেদি দাগ বসে গিয়েছে, সেখানে অল্প টুথপেস্ট লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর ভিজে ব্রাশ দিয়ে ঘষে নিলেই কেল্লাফতে!
ডিশওয়াশ লিকুইড ও গরম জল
রঙ তেলযুক্ত (Oil-based) হলে সাধারণ জলে কাজ হবে না। সেক্ষেত্রে গরম জলে বাসন মাজার লিকুইড সাবান গুলে নিন। সাবানের ফেনা ও গরম জলের সংমিশ্রণ তেলের আঠালো ভাব কাটিয়ে রঙকে আলগা করে দেয়।
হাইড্রোজেন পারক্সাইড
টাইলসের খাঁজে বা মার্বেলের ওপর খুব কড়া দাগ পড়ে গেলে হাইড্রোজেন পারক্সাইডের হালকা দ্রবণ ব্যবহার করতে পারেন। একটি তুলায় এই দ্রবণ নিয়ে দাগের ওপর চেপে ধরুন। কয়েক মিনিট পর মুছে ফেলুন। তবে এটি ব্যবহারের আগে মেঝের কোণে একটু পরীক্ষা করে দেখে নেওয়া ভালো।