Amit Shah: ‘মক পার্লামেন্টেই প্রধানমন্ত্রী থাকুন’, রাহুলকে কটাক্ষ শাহর | Union home minister Amit Shah Takes a Swipe at Rahul Gandhi, Says ‘Stay Prime Minister in Mock Parliament’ - 24 Ghanta Bangla News
Home

Amit Shah: ‘মক পার্লামেন্টেই প্রধানমন্ত্রী থাকুন’, রাহুলকে কটাক্ষ শাহর | Union home minister Amit Shah Takes a Swipe at Rahul Gandhi, Says ‘Stay Prime Minister in Mock Parliament’

Spread the love

রাহুল গান্ধীকে (বাঁদিকে) কটাক্ষ করলেন অমিত শাহ (ডানদিকে)Image Credit: PTI

চণ্ডীগড়: দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে গণ ইমপিচমেন্ট করতে মক পার্লামেন্ট বসিয়েছিল বিরোধীরা। এই নিয়ে এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাহুলের নেতৃত্ব, প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা এবং কংগ্রেসের নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন তিনি। ২০২৭ সালে পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে রবিবার চণ্ডীগড়ে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। রাহুলের ‘মহব্বত কি দোকান’ স্লোগান নিয়েও কটাক্ষ করেন শাহ। তাঁর বক্তব্য, ভালোবাসার পরিবর্তে ঘৃণা ছড়াচ্ছেন কংগ্রেস নেতা।

কী বললেন অমিত শাহ?

এদিন চণ্ডীগড়ের ওই জনসভা থেকে অমিত শাহ বলেন, “রাহুলজি, আপনার ভালোবাসার দোকানে ঘৃণা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না।” রাহুলের অন্যতম পরিচিত রাজনৈতিক স্লোগানকেই এদিন কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণের হাতিয়ার করেন তিনি। রাহুল গান্ধীর মক পার্লামেন্ট আয়োজন নিয়েও কটাক্ষ করেন শাহ। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পূরণ করতেই নতুন রাজনৈতিক কৌশল নিয়েছেন কংগ্রেস নেতা।

শাহ বলেন, “রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে চান। আর সেই কারণেই মক পার্লামেন্ট আয়োজন করে নতুন একটি পথ খুঁজে বের করেছেন। রাহুলজি, আপনার মক পার্লামেন্টে আপনি প্রধানমন্ত্রী হয়েই থাকতে পারেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কোনও দিন পূরণ হবে না।”

কংগ্রেসের নির্বাচনী ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লিতে কংগ্রেসের খারাপ ফলাফলের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, গত তিনটি বিধানসভা নির্বাচনে দিল্লিতে একটি আসনও জিততে পারেনি কংগ্রেস। আগামী তিনটি নির্বাচনেও একই পরিস্থিতি হবে বলে ভবিষ্যদ্বাণী করেন তিনি। অমিত শাহ বলেন, “গত তিনটি নির্বাচনে দিল্লিতে একটিও আসন জিততে পারেনি কংগ্রেস। আমি বলছি, আগামী তিনটি নির্বাচনেও তাদের খাতা খুলবে না। আবারও বিরোধী আসনে বসার জন্য প্রস্তুত হন।” উৎসবের মরশুমে কংগ্রেসের সভা আয়োজন না করার জন্য দিল্লির ব্যবসায়ীদের তরফে দলের কাছে আবেদন জানানোর প্রসঙ্গও তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *