TMC: এক আইনজীবী, এক অধ্যাপিকা, TMC-র প্রার্থীতালিকায় এবার থাকছে চমক! বড় আপডেট – Bengali News | A lawyer, a professor, this time there is a surprise in TMC’s Rajya Sabha candidate list! Big update
তৃণমূলের প্রার্থী তালিকায় চমকImage Credit: TV9 Bangla
কলকাতা: রাজ্যসভার চারটি আসনে তৃণমূলের প্রার্থী কারা? TV9 বাংলার হাতে এল বড় আপডেট। জানা যাচ্ছে, রাজ্যসভায় ফের প্রার্থী হচ্ছেন সুব্রত বক্সী। পাশাপাশি এক সাংবাদিকের সঙ্গে উত্তর কলকাতার এক আইনজীবীর নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। রাজ্যসভায় প্রার্থীপদে আলোচনায় রয়েছে এক সংখ্যালঘু অধ্যাপিকার নামও। রাজ্যের এক বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ওই অধ্যাপিকা।
বর্ষীয়ান সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি সুব্রত বক্সী ফের রাজ্যসভার প্রার্থী হচ্ছেন। সাংসদ হিসাবে দল তাঁকে রাজ্যসভায় পাঠাচ্ছে। তবে প্রাথমিকভাবে তাঁর শারীরিক অসুস্থতার কারণে অনেকে আলোচনা করছিলেন, প্রশ্ন উঠছিল, এবার তিনি সাংসদ হিসাবে ভূমিকা পালন করবেন কিনা। জানা যাচ্ছে, সুব্রত বক্সীকেই তাঁর নির্দিষ্ট আসনে রাজ্যসভায় প্রার্থী হিসাবে চায় দল।
অন্যদিকে, একজন জাতীয় স্তরে কাজ করা বাঙালি সাংবাদিকের নামও উঠে আসছে। পাশাপাশি আরও দুটি নাম, উত্তর কলকাতার একজন আইনজীবী, যিনি আবার তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত, তাঁর নাম শোনা যাচ্ছে। পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিভাগের বিভাগীয় প্রধান, সেই অধ্যাপিকার নামও শোনা যাচ্ছে। যাঁকে রাজ্যসভার সাংসদ হিসাবে প্রার্থী করতে চায় দল। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, সুব্রত বক্সী অবশ্যই যাচ্ছে, তবে বাকি আইনজীবী ও অধ্যাপিকার নাম নিয়ে বিস্তর আলোচনা চলছে। অল্প কিছুদিনের মধ্যেই এই বিষয়টি খোলসা হয়ে যাবে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ থেকে এবার রাজ্যসভার ৫টি আসন শূন্য হতে চলেছে। এর আগে ৪টি আসন ছিল তৃণমূলের এবং একটি CPIM-এর দখলে ছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে এবারের সমীকরণ বদলাতে পারে। তৃণমূল এবার পাবে ৪টি আসনই। CPIM-এর বদলে ১টি আসন পেতে পারে BJP।