জিয়াগঞ্জে অরিজিতের ঘরে কী করেছিলেন আমির? ভিডিয়ো এল সামনে - Bengali News | Aamir Khan’s Quiet Four Days in Jiaganj That Shaped the Title Track of ‘Ek Din’ - 24 Ghanta Bangla News
Home

জিয়াগঞ্জে অরিজিতের ঘরে কী করেছিলেন আমির? ভিডিয়ো এল সামনে – Bengali News | Aamir Khan’s Quiet Four Days in Jiaganj That Shaped the Title Track of ‘Ek Din’

Spread the love

ফেব্রুয়ারির শুরুর দিক। মুম্বই থেকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়ি পৌঁছে গিয়েছিলেন আমির খান। কোনও প্রচার ছিল না কিন্তু খবর ছড়িয়ে পড়ে দ্রুত টানা তিন-চার দিন ছিলেন। অনেকেই ভাবছিলেন গায়ক প্লেব্যাক না করার খবর পেয়ে তাঁর মান ভাঙাতে এসেছিলেন আমির। আর সেই সফর ঘিরেই এখন জোর আলোচনা ভক্ত মহলে। কারণ এবার প্রকাশ্যে এল গায়কের নতুন গান। যার ভিডিয়োতে রয়েছে দারুণ চমক।

কয়েক দিন আগেই অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন, তিনি আর ছবিতে গান গাইবেন না। ঠিক সেই সময়েই আমিরের জিয়াগঞ্জ যাত্রার খবর আসে। আসলে আসন্ন ছবি ‘এক দিন’ এর টাইটেল ট্র্যাক নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন আমির। ছবিতে জুটি বাঁধছেন জুনায়েদ খান ও সাই পল্লবী— ছবিটি প্রযোজনা করছে আমির খান প্রোডাকশন। সঙ্গে ছিলেন সুরকার রাম সম্পথ ও পরিচালক সুনীল পাণ্ডে।

সম্প্রতি একটি মিউজ়িক ভিডিয়ো প্রকাশিত হয়েছে যে ভিডিয়োতে অরিজিৎ -এর গান শোনা গেলেও ভিডিয়ো জুড়ে রয়েছে আমির- অরিজিতের জিয়াগঞ্জে একসঙ্গে কাটানো মূহুর্ত। ছবির কোনও দৃশ্য নেই সেখানে—বরং রয়েছে জিয়াগঞ্জের পাড়া, ছাদে ঘুড়ি ওড়ানোর দৃশ্য, আর মেঝেতে পাত পেড়ে খাওয়াদাওয়া। সেই ভিডিয়োতেই শোনা যায়, অরিজিতকে উদ্দেশ করে আমিরের প্রশ্ন—“তুমি হিন্দি সিনেমায় গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছ? কেন? তা হলে আমাদের কী হবে?” জবাবে লজ্জায় মাথা নাড়েন অরিজিত। অনুরাগীদের কাছে মুহূর্তটি এখন ভাইরাল।

ভিডিয়োর এক ফাঁকে দেখা গিয়েছে, ছাদে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছেন আমির। কখনও দাবার বোর্ডে মনোযোগী মুখ, কখনও পাড়ার লোকজনের সঙ্গে কুশল বিনিময়ে। সবচেয়ে আলোচিত দৃশ্য—খাওয়ার শেষে অরিজিৎ যখন আমিরের পা ছুঁয়ে প্রণাম করেন, আমিরও পাল্টা একইভাবে প্রণাম জানান। তারকাখচিত দূরত্বের বদলে এই পারস্পরিক সম্মান দেখে আপ্লুত ভক্তরা।

‘লাল সিংহ চাড্ডা’ ছবিতে কাজের সূত্রেই দু’জনের বন্ধুত্ব। অরিজিতের প্লেব্যাক না করার খবর পেয়ে যাঁদের বেশ মন খারাপ ছিল তাঁরা এখন এই গানের ভিডিয়ো দেখে বেজায় খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *