T20 World Cup: সলমন আগার সঙ্গে ‘তর্ক’ নিয়ে মুখ খুললেন মাইক হেসন! – Bengali News | T20 world cup mike hesson breaks silence on the argument with salman agha
Image Credit: Matthew Lewis-ICC/ICC via Getty ImagesMatthew Lewis-ICC/ICC via Getty Images
কলকাতা: সাম্প্রতিক নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের পর পাকিস্তান শিবিরের একটি ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অধিনায়ক সলমন আগা হতাশায় বোতল ছুড়ে ফেলছেন। পাশে দাঁড়িয়ে আছেন বাবর আজম এবং হেড কোচ মাইক হেসন। ভিডিয়োটি দেখে অনেকেই মনে করছেন, কোচ ও অধিনায়কের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বার মুখ খুলে সব জল্পনা উড়িয়ে দিলেন মাইক হেসন। তিনি জানিয়েছেন, ভিডিয়োটিকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাঁর কথায়, তিনি আসলে সলমনের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন। মহম্মদ নওয়াজকে প্যাড পরে প্রস্তুতি নিতে বলার জন্য। ঠিক সেই সময় আগা আউট হয়ে ফেরায়, স্বাভাবিক ভাবেই তিনি হতাশ ছিলেন। ফলে রাগের মাথায় হঠাৎ তিনি বোতলটি মাটিতে ছুড়ে ফেলেন। এই ঘটনার সঙ্গে কোচের কথোপকথনের কোনও সম্পর্ক ছিল না। হেসনের দাবি, “অনেক সময় মানুষ ভিডিয়ো দেখে ভুল ব্যাখ্যা করে। ঘটনাটি খুবই একটি সাধারণ বিষয় ছিল।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও নিউজিল্যান্ডের লড়াই বরাবরই আকর্ষণীয়। বিশ্বকাপে পাকিস্তান-নিউজিল্যান্ড মুখোমুখি ম্য়াচগুলিতে পাকিস্তান জিতেছে পাঁচবার। নিউজিল্যান্ডের জয় মাত্র দুটিতে। সামগ্রিক টি-টোয়েন্টি পরিসংখ্যানে পাকিস্তানের জয় ২৪টিতে। নিউজিল্যান্ড জিতেছে ২৩টিতে। প্রতিদ্বন্দ্বিতা কতটা হাড্ডাহাড্ডি, তা এই পরিসংখ্যানই বলে দেয়। তবে অতীতের রেকর্ডকে গুরুত্ব দিতে নারাজ হেসন। তাঁর মতে, ম্যাচে জেতা হারার পিছনে আসল হল দক্ষতা ও পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতা। তিনি মনে করিয়ে দেন, নিউজিল্যান্ড সাম্প্রতিক সময়ে উপমহাদেশে অনেক ক্রিকেট খেলেছে। শ্রীলঙ্কার উইকেট সাধারণত ভারতের তুলনায় কিছুটা বেশি স্পিন সহায়ক। যা ম্যাচের গতিপথে প্রভাব ফেলতে পারে।
এ দিকে, পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত রেকর্ড রয়েছে কিউই ব্যাটার মার্ক চ্য়াপম্য়ানের। ২৫টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি করেছেন ৬৬৩ রান। গড় ৪১.৪৩। রয়েছে একটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি। ফলে সুপার এইট পর্বে তাঁর ব্যাট বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। সব মিলিয়ে, ভাইরাল ভিডিয়ো নিয়ে বিতর্ক থামিয়ে পাকিস্তান শিবির এখন মন দিচ্ছে মাঠের লড়াইয়ে। হেসনের কথায়, “অতীত অতীতই। আমাদের লক্ষ্য সুপার এইট। ভালো ভাবে শুরু করা।” এখন দেখার, মাঠের পারফরম্যান্সে কারা শেষ পর্যন্ত এগিয়ে থাকে।