Donalf Trump: ‘সুপ্রিম কোর্টের রায় অত্যন্ত হতাশাজনক’, এবার ট্যারিফের বিকল্প ঘোষণা ট্রাম্পের – Bengali News | Donal Trump says will impose 10 percent extra tariff as Supreme Court ruled out his tariff
ওয়াশিংটন: শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক প্রস্তাব বাতিল করে দিয়েছে। আদালতে এই পরাজয়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। রায় ঘোষণার পরই তিনি ঘোষণা করেছেন যে অন্য উপায়ে তিনি বাণিজ্য নীতি তৈরি করবেন ও বিকল্প হিসেবে ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। সাধারণ শুল্কের পাশাপাশি ১০ শতাংশ শুল্ক আরোপের একটি নির্দেশিকায় স্বাক্ষর করবেন বলে ঘোষণা করেন ট্রাম্প।
সুপ্রিম কোর্টের রায় ‘অত্যন্ত হতাশাজনক’ বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি সাফ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের এই রায় ভুল। শক্তিশালী বিকল্প রয়েছে বলে জানান তিনি। আমাদের দেশের স্বার্থে যা সঠিক তা করার সাহসের অভাব রয়েছে আদালতের, এমনই মন্তব্য করেছেন ট্রাম্প। তাঁর কথায়, বছরের পর বছর ধরে আমেরিকার টাকা লুঠ করে বিভিন্ন দেশ আনন্দ করছে, সেই আনন্দ বেশিদিন স্থায়ী হবে না।
ট্রাম্পের দাবি, আমেরিকার সুপ্রিম কোর্ট কোনও বিদেশি স্বার্থে প্রভাবিত হয়ে এই রায় দিয়েছে। রাজনৈতিক আন্দোলন দ্বারা প্রভাবিত হয়েছে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। তবে তাঁর দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে তাঁর কাছে এমন ক্ষমতা রয়েছে, যা শুল্কের চেয়েও বেশি শক্তিশালী। তবে তিনি এটাও নিশ্চিত করেছেন যে আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করবে, এমন কিছু করতে চাননি তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নতুন আন্তর্জাতিক শুল্কনীতি প্রণয়ন করেছিলেন। কিন্তু শুক্রবার সেই নীতিতেই বাদ সেধেছে সে দেশের সুপ্রিম কোর্ট। ‘আন্তর্জাতিক আমদানি শুল্ক’কে বেআইনি বলে ঘোষণা করেছে।
প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন নয় বিচারপতির বেঞ্চ ৬-৩ ভোটের ভিত্তিতে এই রায় দিয়েছে। মার্কিন সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে ট্রাম্প সরকারকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও আমদানিকারীদের বিপুল অর্থ ফেরত দিতে হতে পারে।
প্রধান বিচারপতি রবার্টস তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) মার্কিন প্রেসিডেন্টকে এমন কোনও ক্ষমতা দেয় না, যাতে তিনি একা এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন।’’