বেবিবাম্প নিয়েই আচমকা ক্যামেরার সামনে পরিণীতি চোপড়া! কোনও বিশেষ খবর? – Bengali News | Parineeti chopra back on youtube with baby bump
মা হওয়ার খবর শেয়ার করার পর থেকেই যেন বেপাত্তা হয়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। অন্যান্য নায়িকাদের মতো যেমন, কোনও আলাদা ফটোশুটেও দেখা যায়নি। তেমনি পাপারাজ্জিদের ক্যামেরাতেও ধরা পড়েনি পরিণীতির ছবি। আর এবার হঠাৎ করেই নিজেই প্রায় বন্ধ হয়ে যাওয়া ইউটিউব চ্যানেলে হাজির পরিণীতি। প্রায় আট মাস পরে তাঁর এই আগমণ রীতিমতো চমকে দিয়েছে অনুরাগীদের। হঠাৎ হল কী পরিণীতির?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বেশ কিছু বছর ধরেই সিনেমার পর্দা থেকে গায়েব পরিণীতি চোপড়া। রাঘব চাড্ডার ঘরনি হয়ে, নিজের মতো করে সংসার গুছিয়ে নিয়েছেন। প্রায় আট মাসে নিজের একটি গান দিয়ে তাঁর ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন তিনি। তবে আট মাস হয়ে গেলেও, সেই ইউটিউব চ্যানেলের জন্য কোনও ভিডিয়োই শুট করতে পারেননি। তবে এবার মাতৃত্বকালীন ছুটিতে থেকেও নতুন কাজে কোমর বাঁধলেন। এবার থেকে নিয়মিত ভিডিয়ো আপলোড করে নিজের জীবনের হালচাল সবাইকে শেয়ার করবেন পরিণীতি, তা জানালেন ইউটিউবে এসে।
কী জানালেন পরিণীতি?
পরিণীতি জানালেন, আমি অন্যান্য় ব্লগারদের মতো করে রোজ কী কী করছি তা বলতে পারব না। কারণ অত কাজ আমি করি না। আমি রান্নাও শেখাতে পারব না। কারণ আমি নিজেই রান্না পারি না। তাই যখন যা ইচ্ছে দেখাবো। অন্তত এই ইউটিউব চ্যানেলটা চালাব।
পরিণীতি এই কথার মাঝে অন্যান্য ডেলি ব্লগার, পোডকাস্ট নিয়ে রসিকতা করলেন।
সম্প্রতি কপিল শর্মার শোয়ে পরিণীতি চোপড়ার সঙ্গে হাজির হয়েছিলেন রাঘব। দাম্পত্য নিয়ে কপিলের নানা মজার প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন দুজনে মিলে। ঠিক তখনই দুম করে রাঘব বলে ফেললেন, চিন্তা নেই আপনাদের। খুব শীঘ্রই আমরা সুখবর দেব। যে খবর নিয়ে শোরগোল, সেই খবরই দেব! রাঘবের মুখে আচমকা এমন কথা শুনে পরিণীতিও অবাক। অন্যদিকে কপিল কিন্তু গুঞ্জনকে উসকে দিলেন হেসে হেসেই। আর তার কয়েকদিন পরেই সোশাল মিডিয়ায় নিজেরাই শেয়ার করলেন সন্তান আগমণের সুখবর।
২০২৩ সালে জাঁকজমক বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি ও রাঘব। বিয়ের পর থেকেই মুম্বই ছেড়ে দিল্লিতে রয়েছেন তিনি। দিল্লিতেই তাঁর সুখের সংসার। সেই সংসারেই এবার নতুন সদস্য আসার সুখবর দিলেন রাঘব।