Trump Gaza Board of Peace: ট্রাম্পের বিশেষ বোর্ডে ভারতীয় পর্যবেক্ষক, কে এই নমগ্যা সি খাম্পা? - Bengali News | Meet the Diplomat Namgya C Khampa Who Represented India at First Meeting of Trump's Board of Peace - 24 Ghanta Bangla News
Home

Trump Gaza Board of Peace: ট্রাম্পের বিশেষ বোর্ডে ভারতীয় পর্যবেক্ষক, কে এই নমগ্যা সি খাম্পা? – Bengali News | Meet the Diplomat Namgya C Khampa Who Represented India at First Meeting of Trump’s Board of Peace

একনজরে জেনে নিন পরিচয়Image Credit: সংগৃহিত (Social Media)

নয়াদিল্লি: গাজায় শান্তি প্রতিষ্ঠায় গঠিত ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর (Gaza Board of Peace) প্রথম বৈঠকে ওয়াশিংটনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন নমগ্য়া সি খাম্পা। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বোর্ডের প্রথম বৈঠক আয়োজন করা হয়। সেখানে সদস্য় হিসাবে নয়, বরং পর্যবেক্ষক হিসাবে অংশগ্রহণ করেছিল ভারত। এই প্রথম গাজায় শান্তি প্রতিষ্ঠায় গঠিত বিশেষ বোর্ডের বৈঠকে যোগ দিল নয়াদিল্লি।

জানুয়ারি মাসে সুইৎজ়ারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বৈঠকে গাজায় শান্তি প্রতিষ্ঠায় এই বিশেষ বোর্ড তৈরির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা মতোই দ্রুত গঠিত হয় বোর্ডটি। কিন্তু তাতে যোগ দেয়নি ভারত। বর্তমানে এই বোর্ডের মধ্য়ে ২৭টি দেশ পূর্ণ সদস্য় হিসাবে রয়েছে। ২৩টি দেশ রয়েছে পর্যবেক্ষক হিসাবে। যাদের মধ্যে রয়েছে ভারতও। কিন্তু ওয়াশিংটনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা এই রাষ্ট্রদূত কে? কী পরিচয় তাঁর?

নমগ্য়া সি খাম্পা, ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও উপপ্রধান হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। যতদিন আমেরিকার জন্য কোনও ভারতীয় রাষ্ট্রদূত নিয়োগ হচ্ছে, ততদিন পর্যন্ত দূতাবাসের প্রধানের ভূমিকা পালন করবেন তিনি। ১৯৭৭ সালে জন্ম তাঁর। ২০০০ সালের ব্যাচের আইএফএস অফিসার। গত দু’দশক ধরে বিশ্বের একাধিক দেশে ভারতীয় দূত হিসাবে কাজ করেছেন তিনি। বেজিং থেকে নিউ ইয়র্ক পরিচিতি তৈরি করেছেন সর্বত্র। পড়াশোনা করেছেন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে। পরবর্তীতে তা নিয়ে করেছেন গবেষণাও।

তবে আমেরিকার আগে কেনিয়াতে হাই কমিশনার হিসাবে নিযুক্ত ছিলেন তিনি। রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব সামলেছেন সোমালিয়াতেও। এককালে আবার কাঠমান্ডুতে দায়িত্ব পালন করেছেন ডেপুটি চিফের। দু-দুবার বেজিংয়ে করেছেন প্রতিনিধিত্ব। প্রথমবার ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত। দ্বিতীয়বার ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত। সেই সময় প্রশাসনিক ও বাজেট বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হিসাবে নিযুক্ত ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *