T20 World Cup : বিশ্বকাপে শূন্যের হ্যাটট্রিক, গম্ভীরের চিন্তা শতগুন বাড়ালেন অভিষেক! - 24 Ghanta Bangla News
Home

T20 World Cup : বিশ্বকাপে শূন্যের হ্যাটট্রিক, গম্ভীরের চিন্তা শতগুন বাড়ালেন অভিষেক!

T20 World Cup : বিশ্বকাপে শূন্যের হ্যাটট্রিক, গম্ভীরের চিন্তা শতগুন বাড়ালেন অভিষেক!

কলকাতা : খারাপ সময় যখন আসে, তখন তা কাটতে চায় না। এই প্রচলিত প্রবাদে কি ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছেন অভিষেক শর্মা ? আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ স্রেফ নিয়মরক্ষার হলেও অভিষেকের কাছে এই ম্যাচ ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও নিজের রানের খাতা খুলতে পারেন নি অভিষেক। আজ ম্যাচ শুরুর আগে তাঁকে নিয়ে যাবতীয় আগ্রহ থাকলেও নিরাশ করলেন তিনি।

আহমেদাবাদে গ্ৰুপ এ-তে নিজেদের শেষ ম্যাচ খেলছে ভারত। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ভারত আগেই সুপার এইট পর্যায়ে কোয়ালিফাই করে গেলেও আজকের ম্যাচে জিতেই সুপার এইট পর্বে প্রবেশ করতে চান সূর্যকুমাররা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সূর্যকুমার। এই ম্যাচ থেকেই দক্ষিণ আফ্রিকা যুদ্ধের প্রস্তুতি সারবে ভারত। ব্যাটে নেমেই বিপর্যয়ের সম্মুখীন ভারতীয় দল। প্রথম ওভারেই আরিয়ান দত্তের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরলেন অভিষেক। মাত্র ৩ বল খেললেও রান করতে অক্ষম তিনি। বলের লাইনই বুঝতে পারেন নি তিনি। রানে ফেরার জন্য আজ নিজের জার্সি না পরে সতীর্থ সিরাজের জার্সি পরে নেমেছিলেন তিনি। বলাবলি শুরু হচ্ছিল, রানের খরা কাটাতেই নিজের জার্সি পরেন নি তিনি। অবশেষে জানা গেল, ভুল করে হোটেলে নিজের ব্যাগ ফেলে আসায় নিজের জার্সি পরেন নি তিনি। তবুও, রান ফিরল না তাঁর ব্যাটে। এই নিয়ে গ্ৰুপ পর্যায়ে তিন ম্যাচ খেলে নিলেও একটা রানও করতে পারেন নি অভিষেক, যা তাঁর মতো একজন ব্যাটারের জন্য বিরল নজির। ওডিআই বিশ্বকাপে সবথেকে বেশি ডাকের নজির এবি ডি ভিলিয়ার্সের। ২০০৭ বিশ্বকাপে ৪ বার ০ রানে আউট হয়েছিলেন তিনি। তিনিও পরপর দুটি ম্যাচে ০ করেছিলেন। তবে টি-টোয়েন্টির ইতিহাসে এই প্রথম পরপর তিন ম্যাচেই ০ করে ইতিহাস গড়লেন অভিষেক।

আজকের ম্যাচে দলে দুটি বদল করেছেন অধিনায়ক সূর্য। শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলকে। তাঁদের বদলে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর ও অর্শদীপ সিং। আমেরিকার বিরুদ্ধে খেলার পরেই দল থেকে বাদ পড়েছিলেন অর্শদীপ। নজর থাকবে তাঁর দিকেও। তবে সব নজরের কেন্দ্রবিন্দু এখন অভিষেক। ভারতের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই। সেই ম্যাচে তিনি আদৌ খেলবেন কি না, খেললেও রান পাবেন কি না, এই নিয়েই চর্চা রয়েছে ক্রিকেটমহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *