Pakistani Hockey : ফেডারেশন মেটায়নি বিল, অস্ট্রেলিয়ায় বাসন মাজলেন পাক খেলোয়াড়রা! - Bengali News | Pakistani hockey players washed dishes in Australias hotel - 24 Ghanta Bangla News
Home

Pakistani Hockey : ফেডারেশন মেটায়নি বিল, অস্ট্রেলিয়ায় বাসন মাজলেন পাক খেলোয়াড়রা! – Bengali News | Pakistani hockey players washed dishes in Australias hotel

কলকাতা : টাকা না থাকায় সাধারণ মানুষ হোটেলের বাসন মেজেছেন, আকছার শোনা যায় এমন অভিযোগ। এবার এই একই অবস্থায় পাকিস্তানি হকি খেলোয়াড়রা। এফআইএইচ প্রো লিগের দ্বিতীয় লেগের ম্যাচ খেলে সদ্যই দেশে ফিরেছে পাকিস্তান দল। অস্ট্রেলিয়ায় খেলা ছিল দলের। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় নেমে আয়োজক দেশের কাছে হেরে গিয়েছে পাক বাহিনী। এরপরেই দেশে ফিরে ম্যানেজমেন্টকে কড়া ভাষায় আক্রমণ করেছেন অধিনায়ক শাকিল আম্মাদ ভাট।

অস্ট্রেলিয়া গিয়েই চূড়ান্ত সমস্যায় পড়েছিল পাক দল। ফেডারেশন কর্তারা বিল না মেটানোয় প্রায় ১৪ থেকে ১৫ ঘন্টা রাস্তায় লাগেজ নিয়ে বসেছিলেন খেলোয়াড়রা। সেই দুরবস্থা নিয়েই বাট বলেছেন,”সিডনিতে নেমে ১২ থেকে ১৫ ঘন্টা আমরা রাস্তায় ঘুরে বেড়িয়েছি। আমাদের ঠিকমতো খাবার জোটেনি। আমাদের হোটেল রুম পরিষ্কার করতে হয়েছে। খেলতে যাওয়ার আগে বাসন মাজতে হয়েছে।” তিনি এও জানান, সিডনিতে ঘোরা নিয়ে বিতর্ক শুরু হতেই তাঁদের দিয়ে একটি ভিডিও বানাতে বলেন ফেডারেশনের কর্তারা। সেই ভিডিওয় বলতে হয়েছে,”সবকিছুর ব্যবস্থা আছে।” যা একটুও সত্যি নয়। প্রতিযোগিতার মাঝে বিতর্ক বাড়াতে চান নি বলেই তিনি ভিডিও করেছিলেন। প্লেয়ার ও সাপোর্ট স্টাফের জন্য ক্যানবেরায় একটি ফোর ষ্টার হোটেল বুক করা হয়েছিল। বলা হয়েছিল, ফেডারেশন সব টাকা শোধ করে দেবে। হোটেলে গিয়ে বাটরা জানতে পারেন, কোনও হোটেল রুম বুক করা নেই। দলের কোচ যোগাযোগ করতে পারেন নি কর্মকর্তাদের সঙ্গে। শেষে স্থানীয় পাকিস্তানি বাসিন্দারা দলের সাহায্যার্থে এগিয়ে আসেন। তাঁদের সাহায্যেই কোনও রকমে ঘর জোটে খেলোয়াড়দের।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই হইচই পড়েছে ক্রীড়ামহলে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। হকি দলের অভিযোগ শুনে স্তম্ভিত ‘পাকিস্তান স্পোর্টস বোর্ড’ এর কর্তারা। তাঁরা জানিয়েছেন, দ্রুতই এই বিষয়ে রিপোর্ট পাঠানো হবে প্রধানমন্ত্রীর মসনদে। সূত্রের খবর, অস্ট্রেলিয়ায় পাক দলের থাকার জন্য প্রায় স্থানীয় মুদ্রায় এক কোটির বেশি টাকা (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫ লক্ষ টাকা) বরাদ্দ করা হয়েছিল। সেই টাকা যে ঘরেই আছে, তা অধিনায়কের কথা থেকেই পরিষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *