Balurghat: এই নিয়ে তৃতীয়বার! রাজ্যের মধ্যে সেরা হল বালুরঘাট জেলা হাসপাতাল - Bengali News | Balurghat District Hospital is the best in the state - 24 Ghanta Bangla News
Home

Balurghat: এই নিয়ে তৃতীয়বার! রাজ্যের মধ্যে সেরা হল বালুরঘাট জেলা হাসপাতাল – Bengali News | Balurghat District Hospital is the best in the state

Spread the love

বালুরঘাট: সেরা শিরোপার হ্যাটট্রিক। তৃতীয়বারও রাজ্যের মধ্যে সেরা হাসপাতালের স্বীকৃতি পেল বালুরঘাট জেলা হাসপাতাল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা রজ্যের মধ্যে ৩০৯ জেলা, মহকুমা ও গ্রামীণ হাসপাতালের মধ্যে বালুরঘাট জেলা হাসপাতাল ‘কায়াকল্প’ প্রকল্পে রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করেছে। চিকিৎসা পরিষেবার মান,পরিচ্ছন্নতা,পরিবেশবান্ধব উদ্যোগ সহ একাধিক বিষয়ে সর্বোচ্চ ৯৬ শতাংশ পেয়ে প্রথম হয়েছে বালুরঘাট জেলা হাসপাতাল।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কায়াকল্পের পাশাপাশি ইকো-ফ্রেন্ডলি বিভাগে ৯১ শতাংশ এবং ওয়াশ বিভাগে উল্লেখযোগ্য ৯৮.৯১ শতাংশ নম্বর অর্জন করেছে বালুরঘাট জেলা হাসপাতাল। রাজ্যের অন্যান্য হাসপাতালকে পিছনে ফেলে এই ফলাফল নিঃসন্দেহে জেলার জন্য গর্বের বিষয়। প্রথম স্থান অর্জনের জন্য হাসপাতালকে ৫০ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। এই সাফল্যে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে উৎসাহ ও আনন্দের আবহ তৈরি হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, টানা তিন বছর কায়াকল্প প্রকল্পে সেরার শিরোপা জিতে হ্যাট্রিক করল বালুরঘাট জেলা হাসপাতাল। যদিও গত বছরের প্রাপ্য অর্থ এখনও মেলেনি। আগের বছরের সঙ্গে এবছরের পুরস্কারের অর্থ হাতে এলে হাসপাতালের একাধিক উন্নয়নমূলক কাজ শুরু করা হবে। পুরনো ভবনের ফিমেল মেডিসিন বিভাগ ও বহির্বিভাগে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানোর পরিকল্পনাও রয়েছে।

প্রায় এক মাস আগে রাজ্য ও কেন্দ্রীয় কায়াকল্প দলের প্রতিনিধিরা বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শনে আসেন। প্রতিটি ওয়ার্ড, পরিষেবা ব্যবস্থা এবং পরিকাঠামো খতিয়ে দেখেই নম্বর প্রদান করা হয়। হাসপাতালের রক্ষণাবেক্ষণ, স্যানিটেশন ও হাইজিন, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, সহায়ক পরিষেবা, স্বাস্থ্যবিধি প্রচার, হাসপাতালের সীমানার বাইরের পরিচ্ছন্নতা এবং পরিবেশবান্ধব ব্যবস্থা কি রয়েছে এই মোট আটটি বিষয় ভিত্তিতেই মূল্যায়ন করা হয়েছে। সব দিক থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে রাজ্যের শীর্ষস্থানে উঠে এসেছে বালুরঘাট জেলা হাসপাতাল। গতকাল রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *