১১৪০০০ ভোটারের ডকুমেন্ট আপলোডই হয়নি! বাদ যাবে নাম? সামনে এল বিস্ফোরক তথ্য – Bengali News | Over 1 lakh voters documents not uploaded in SIR in WB, what will happen next
কলকাতা: চূড়ান্ত তালিকায় নাম থাকবে তো? এই অপেক্ষাতেই আছেন রাজ্যবাসী। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশ হবে সেই তালিকা। খসড়া তালিকায় যে ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, তাঁদের চিন্তাই সবথেকে বেশি। এদের মধ্যে অনেকেই শুনানিতে অংশ নিয়েছিলেন, জমা করেছেন গুচ্ছ গুচ্ছ নথি। কিন্তু দায়িত্বরত আধিকারিকদের ভুলে বাদ যেতে পারে একাধিক বৈধ ভোটারের নাম। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
সূত্রের খবর, ইআরও (ERO) ও এইআরও (AERO)-দের ভুলের জন্য লক্ষাধিক ডকুমেন্ট আপলোড হয়নি। ফলে সেই সব নাম চূড়ান্ত তালিকায় থাকবে না। এরকম অন্তত ১ লক্ষ ১৪ হাজার ভোটারের ডকুমেন্টস জমা দেওয়া হয়নি বলে অভিযোগ। ডিইও-রা এমনটাই দাবি করেছেন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
এদের মধ্যে ৬০ শতাংশ অবৈধ ভোটারের নাম রয়েছে বলে মনে করছে কমিশন, কিন্তু প্রশ্ন হল বাকিদের কী হবে? তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে না বলেই জানা যাচ্ছে। ইআরও ও এইআরও-দের এই গাফিলতির জন্য এবার শোকজ করতে চলেছেন সিইও। যে বৈধ ভোটারের নাম আপলোড করা হয়নি, তালিকা প্রকাশের আগেই তাঁদের জানিয়ে দেওয়া হবে বলেই জানা গিয়েছে। এছাড়া তাঁদের বাড়িতে বিএলও পাঠিয়ে ফর্ম ৬ পূরণ করাবে কমিশন।
অর্থাৎ ২৮ তারিখের চূড়ান্ত ভোটার তালিকায় তাঁদের নাম না থাকলেও, তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে তৎপর কমিশন। এমনভাবে ব্যবস্থা করা হচ্ছে, যাতে তালিকা প্রকাশের পরই ওই ভোটাররা নতুন করে নাম তোলার সুযোগ পান। আরও জানা গিয়েছে যে ২৭ লক্ষ এমন ভোটার আছে, যাদের নথি পুনরায় যাচাই করতে বলেছেন পর্যবেক্ষকরা।