Bangladeshi detain: 'কেন ঢুকেছিলেন ভারতে?' মিলল না সদুত্তর, তারপরই বাংলাদেশিদের বুঝিয়ে দিলেন জওয়ানরা - Bengali News | Bangladeshi Ship detain in India South 24 pargana - 24 Ghanta Bangla News
Home

Bangladeshi detain: ‘কেন ঢুকেছিলেন ভারতে?’ মিলল না সদুত্তর, তারপরই বাংলাদেশিদের বুঝিয়ে দিলেন জওয়ানরা – Bengali News | Bangladeshi Ship detain in India South 24 pargana

​ফ্রেজারগঞ্জ (দক্ষিণ ২৪ পরগঞ্জ): আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ। একটি বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। ট্রলারে থাকা ২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও আটক করা হয়েছে। ভারত সোমবার দুপুরে ট্রলার সহ ওই মৎস্যজীবীদের দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়।

জানা যাচ্ছে, রবিবার রাতে উপকূলরক্ষী বাহিনীর টহলদারির সময় বঙ্গোপসাগরে ভারতীয় জল সীমানার ভেতরে একটি সন্দেহভাজন ট্রলারকে ভাসতে দেখা যায়। ট্রলারটির গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় সেটিকে থামানোর নির্দেশ দেয় কোস্ট গার্ডের জওয়ানরা। তল্লাশি চালিয়ে জানা যায়, ‘এফবি সাগর’ নামের ওই ট্রলারটি আদতে বাংলাদেশের।

ট্রলারটিকে আটক করার পর মৎস্যজীবীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিকরা। কিন্তু তাঁদের কথাবার্তায় একাধিক অসংলগ্নতা ধরা পড়ে। কেন এবং কী উদ্দেশ্যে তাঁরা আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ভারতীয় সীমানায় প্রবেশ করেছিলেন, তার কোনও সদুত্তর দিতে পারেননি ওই মৎস্যজীবীরা। ২৮ জন মৎস্যজীবীকে আটকের পাশাপাশি ট্রলারটিকে বাজেয়াপ্ত করে সুন্দরবনের উপকূলে নিয়ে আসে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। এদিন দুপুরে ধৃতদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ চালিয়ে অনুপ্রবেশের কারণ জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *