‘প্রতীক লড়াকু মানুষ’, দল ছাড়তেই মুখ খুললেন দেবদূত ঘোষ – Bengali News | Debdut ghosh on pratik ur rahaman resign from all position of cpm
সামনেই নির্বাচন। তার আগেই বড় ধাক্কা সিপিএম-এ। দল ছাড়লেন প্রতীক-উর-রহমান।দলকে পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রাক্তন SFI-এর রাজ্য সভাপতি। কেন হঠাৎ প্রতীক-উরের এমন সিদ্ধান্ত সেই নিয়ে জল্পনার শেষ নেই। উঠছে নানাবিধ প্রশ্ন। প্রতীক উর রহমানের এমন সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন বামনেতা ও অভিনেতা দেবদূত ঘোষ। Tv9Bangla ডিজিটাল -কে দেবদূত জানালেন, প্রতীক লড়াকু মানুষ।
আসলে, তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবীরের সঙ্গে জোটের জন্য বৈঠকে বসেছিলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেই সময় বাম নেতাদের একাংশের অনেকেই তীব্র বিরোধিতা করেছিলেন। তবে শতরূপ সেলিমের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, “সমস্ত নীতি নৈতিকতার ঠেকা কি আমরা একা নিয়ে বসে রয়েছি? বিজেপি তাকে প্রার্থী করলে দোষ নেই। তৃণমূল মন্ত্রী করলে দোষ নেই। সিপিএম তাঁর সঙ্গে কথা বললে অপরাধ হয়ে গেল।”
শতরূপের এই বক্তব্য মেনে নিতে পারেনি প্রতীক-উর। অন্তত তেমনটাই মত বিশেষজ্ঞদের। যদিও এই নিয়ে গুঞ্জন চললেও, এই নিয়ে এখনও মুখ খোলেননি প্রতীক উর। গোটা বিষয়টা নিয়ে Tv9Bangla ডিজিটালকে দেবদূত জানালেন, ” আমার মনে হয়, অন্যরা যে কারণে দল ছাড়েন বা বদলান, টাকা খেয়ে, টাকা পেয়ে, প্রতীক উরের ক্ষেত্রে সেরকমটা নয়। আমাদের পার্টিতে নৈতিক কারণে অনেকেই লড়াই করেন, এত বড় দল। এত বড় পরিবার, তার মধ্যে কারও সঙ্গে কারও, কোনও কারণে মিলমিশ নাও হতে পারে, এই নিয়ে তেমন কোনও আইডিয়া নেই। তবে এটা বলতে পারি, প্রতীক উর লড়াকু নেতা, ভবিষ্যতেও তাঁকে এই রূপেই দেখতে চাই। আসলে প্রতীক উর কেন ছাড়লেন, তার তদন্ত রিপোর্ট আমার কাছে নেই, তাই এর থেকে বেশি কী আর বলব। ”