দুপুর তিনটের মধ্যে দিতে হবে দেড় কোটি, রাজপাল মামলায় বড় মোড় – Bengali News | Court to Rajpal Yadav if you submit it by 3pm today we will release you
দিল্লি হাইকোর্ট সোমবার দুপুর ৩টা পর্যন্ত সময় দিয়েছিল বলিউড অভিনেতা রাজপাল যাদবের আইনজীবীকে, অন্তর্বর্তীকালীন জামিনের জন্য প্রতিপক্ষের নামে ১.৫ কোটি টাকার ডিমান্ড ড্রাফট (ডিডি) জমা দেওয়ার জন্য। আদালত বলেছিল, “আজ দুপুর ৩টার মধ্যে জমা দিলে আপনাকে মুক্তি দেওয়া হবে। না হলে আমরা বিষয়টি আগামীকাল সকালে শুনানি করব।” মামলাটি দুপুর ৩টা পর্যন্ত মুলতবি রাখা হয়েছিল। অবশেষে জামিন পেলেন রাজপাল।
এদিন সকালেই অভিনেতা সোনু সুদ জানিয়েছেন, সোমবার এই মামলার জন্য একটা বড় দিন হতে চলেছে। রবিবার জেলেই কেটেছে অভিনেতা। পর্দায় যাঁর আগমন মানেই হাসির রোল ওঠে, সেই মানুষটাই রয়েছেন ঘোর বিপদে। ৯ কোটি টাকার ঋণ মামলায় তিনি বর্তমানে তিহার জেলে। হঠাৎই খবর ছড়িয়ে পড়ে জামিন পেয়েছেন অভিনেতা। কিন্তু সেই জল্পনায় স্পষ্ট ইতি টানেন তাঁর স্ত্রী রাধা যাদব।
গোটা ঘটনার সূত্রপাত ‘আতা পাতা লাপাতা’ ছবি দিয়ে, যে ছবির পরিচালনা করেছিলেন রাজপাল নিজেই। বক্স অফিসে ছবিটি একেবারেই ভালো ফল করতে পারেনি। প্রযোজনার জন্য নেওয়া ঋণ সুদে-আসলে ফুলে ফেঁপে ওঠে। সেই অর্থ শোধ করতে না পারায় শুরু হয় আইনি লড়াই, যা আজও চলছে। রাজপাল টাকা ফেরত দিতে না পারায় আত্মসমর্পণ করতে হয় তাঁকে। তিনি স্বীকার করেন, তাঁর কাছে কোনও টাকা নেই। তাঁকে সাহায্য করতে এগিয়ে আসবে, এমন কোনও বন্ধুও নেই।
তবে বলিউডে কিছু তাবড় নাম এগিয়ে এসেছে রাজপালকে সাহায্য করতে। সোনু সুদ তাঁকে টাকা দিয়েছেন, আগামী কাজের বিনিময়ে। এবার পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, সেটা দেখার অপেক্ষা।