Bangladesh election: বাংলাদেশে নির্বাচনে জিতল ‘BJP’, কে ছিলেন প্রার্থী? – Bengali News | Bangladesh Jatiya Party (BJP) secured a single seat in Bangladesh election
বাংলাদেশে নির্বাচনে জিতলেন ‘BJP’ প্রার্থী আন্দলীভ রহমান পার্থImage Credit: PTI
ঢাকা: বাংলাদেশে সাধারণ নির্বাচনে আসন পেল বিজেপি। পড়ে চমকে উঠলেন। ভারতের শাসকদল বাংলাদেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে? একদমই নয়। বাংলাদেশের এই বিজেপি-র সঙ্গে ভারতের কোনও রাজনৈতিক দলের যোগ নেই। পদ্মাপারের দেশের এই বিজেপি হল বাংলাদেশ জাতীয় পার্টি সংক্ষেপে BJP। বাংলাদেশের ১৩ তম সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসন পেয়েছে তারা।
বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আন্দলীভ রহমান পার্থ সাধারণ নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি ভোলা-১ আসনে প্রার্থী হয়েছিলেন। সাধারণ নির্বাচনে ভোট পেয়েছেন ১ লক্ষ ৫ হাজার ৫৪৩। তাঁর নিকটবর্তী বাংলাদেশের জামাত-ই-ইসলামী প্রার্থী মহম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ৭৫ হাজার ৩৩৭ ভোট। অর্থাৎ ৩০ হাজারের বেশি ভোটে জিতেছেন BJP প্রার্থী। বাংলাদেশের সাধারণ নির্বাচনে এই একটি আসনই পেয়েছে BJP।
বাংলাদেশে সাধারণ নির্বাচনের আগে ভোলা কেন্দ্রকে ‘তিলোত্তমা’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন BJP প্রার্থী পার্থ। তিনি প্রতিশ্রুতি দেন, জিতলে ভোলা-বরিশাল সেতু করবেন। মেডিক্যাল কলেজ করবেন। প্রত্যেক বাড়িতে গ্যাস সংযোগ পৌঁছে দেওয়া তাঁর প্রতিশ্রুতির তালিকায় উপরের দিকে ছিল। সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভোটে তারই প্রভাব দেখা গেল।
রাজনীতি করার পাশাপাশি BJP প্রার্থী পার্থ একজন শিক্ষাবিদ এবং আইনজীবী। ভোলা-১ কেন্দ্র থেকে এর আগেও জিতে তিনি বাংলাদেশের সংসদে গিয়েছেন। ঢাকার ব্রিটিশ স্কুল অব ল’র অধ্যক্ষ তিনি। পার্থ বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী ও ভোলা-১ কেন্দ্রের প্রাক্তন সাংসদ নাজিউর রহমান মঞ্জুর পুত্র।
প্রসঙ্গত, বাংলাদেশে সাধারণ নির্বাচন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। মঙ্গলবার নতুন সরকার শপথ নিতে পারে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।