Kalyan Banerjee: ‘মমতাকে অসম্ভব ঈর্ষা করেন নির্মলা, একটু ঝগড়ুটে গোছের’, বেনজির আক্রমণ কল্যাণের – Bengali News | TMC MP Kalyan Banerjee attacks Nirmala Sitharaman after union finance minister raised question over West Bengal situation
নির্মলা সীতারমণকে কেন নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?Image Credit: TV9 Bangla
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে বেনজির আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের অভিযোগ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈর্ষা করেন নির্মলা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর যোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। নির্মলাকে ‘ঝগড়ুটে গোছের’ বলেও মন্তব্য করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। কল্যাণের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
নির্মলাকে নিশানা করে এদিন কল্যাণ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্ভব ঈর্ষা করেন নির্মলা সীতারমণ। এটা আমি আজ থেকে দেখছি না। গত ৭-৮ বছর ধরে দেখছি। কেন তিনি এত ঈর্ষাপরায়ণ? উনি জীবনে কোনওদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না। জীবনে কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না। উনি জীবনে কোনওদিন প্রদেশের নেত্রীও হতে পারবেন না। রাজ্যসভা থেকে তাঁকে জিতিয়ে এনে রাখা হয়। জানি না কীসের কারণে। যাকে তাঁকে অর্থমন্ত্রী বলতে পারে। অন্যথায় তাঁর অর্থ বিষয়ক ব্যাপার সামলানোর সামর্থ্য নেই। ওই বিষয়ে বলার কোনও অভিজ্ঞতা নেই। একটু ঝগডুটে গোছের উনি।”
কল্যাণের মন্তব্য নিয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কিছু বলার আগে জানতে চাই, তাঁর হাতে বোতল ছিল কি না। হাতে বোতল নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে কী করেছেন, তা আপনারা সবাই জানেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এখন অভ্যাস হয়ে গিয়েছে, তাঁর নেত্রী ও যুবরাজের মনোযোগ আকর্ষণ করা। সেই মনোযোগ আকর্ষণ করে কল্যাণ চাইছেন আগে লোকসভায় তিনি তৃণমূলের যে পদে ছিলেন, সেই পদ পাওয়া। তার জন্য তৃণমূলের অন্যরা যেভাবে প্রতিক্রিয়া দেন, তার থেকে আরও আক্রমণাত্মকভাবে প্রতিক্রিয়া দিতে হচ্ছে।”
প্রসঙ্গত, গতকাল সংসদে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নির্মলা সীতারমণ। দুর্গাপুরে মেডিক্যাল কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগের প্রসঙ্গ তোলেন। সেইসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তিনি। নদিয়ার কালীগঞ্জে বোমাবাজিতে তামান্না খাতুনের মৃত্যুর কথা তোলেন তিনি। তারপরই বলেন, “বাংলায় বোমা চলে, আইন চলে না।” কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই মন্তব্যেরই জবাব দিতে গিয়ে নির্মলাকে বেনজির আক্রমণ করলেন কল্যাণ।