Pakistan: পাকিস্তানে বিরাট ষড়যন্ত্র, সেনা প্রধান আসিম মুনিরের গতিবিধি নিয়ে বাড়ছে সন্দেহ! – Bengali News | Big Conspiracy Going on in Pakistan? Will Army Chief Asim Munir become Next President? Question Raised on his Activity
নতুন চাল আসিম মুনিরের?Image Credit source: PTI
ইসলামাবাদ: ১৯৪৭ সালে ব্রিটিশরা ভারত ভেঙে দুই টুকরো করেছিল। তৈরি হয়েছিল পাকিস্তান। পড়শি দেশে গণতান্ত্রিক সরকার থাকলেও, সে দেশ যে আসলে সেনার অঙ্গুলি হেলনেই চলে, তা অনেকেই জানেন। পাকিস্তানে সেনা শাসনের জল্পনাও নতুন নয়। তবে এবার যেন একটু বেশিই চর্চা। একদিকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের সেনা প্রধানের সাক্ষাৎ, অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন যে তাঁকে মেরে ফেলতে চান সেনা প্রধান- জল্পনা তো বাড়বেই। সত্যি সত্যিই কি পাকিস্তানের ক্ষমতা নিজের হাতে কেড়ে নেবেন আসিম মুনির?
ভারত-পাকিস্তান সংঘাতের পরই পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের পদোন্নতি হয়ে তিনি ফিল্ড মার্শাল পদ পেয়েছিলেন। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে গিয়েছিলেন মুনির। এবার শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া সফরেও যাচ্ছেন আসিম মুনির।
রাষ্ট্রপ্রধানদেরই বিদেশ সফরে যাওয়ার কথা, কিন্তু সেই প্রথা ভেঙে সেনা প্রধান আসিম মুনির একের পর এক বিদেশ সফরে যাচ্ছেন। এরপরই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি সেনা প্রধান থেকে এবার দেশেরই প্রধান হতে চাইছেন আসিম মুনির?
জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানও বলেছেন, জেলে তাঁর যদি কোনও কিছু হয়, তবে তাঁর জন্য দায়ী থাকবে আসিম মুনির। তাহলে কি সত্যিই পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে সরিয়ে নিজে প্রেসিডেন্টের পদে বসবেন মুনির?
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এমন কোনও পরিকল্পনা নেই। মুনিরের প্রেসিডেন্ট হওয়ার কোনও ইচ্ছা নেই।”
এবার পাকিস্তানের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে আসিম মুনির সম্প্রতি যে ফিল্ড মার্শালের পদ পেয়েছেন, তা এর আগে শুধুমাত্র জেনারেল আয়ুব খানই পেয়েছিলেন। এরপর আয়ুব খান কার্যত জোর করেই প্রেসিডেন্ট হন। সেই পথেই কি হাঁটছেন আসিম মুনির?
প্রসঙ্গত, আসিম মুনির এর আগে একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। পাক গুপ্তচর সংস্থা আইএসআই-র ডিজি, মিলিটারি ইন্টেলিজেন্সের ডিজি, কর্পস কম্যান্ডারের দায়িত্বের পর সেনা প্রধান হন। সম্প্রতিই তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, তুরস্ক, ইরান ও আজারবাইজান সফরে গিয়েছিলেন। তখনই প্রশ্ন উঠেছিল, সেনা প্রধান কি বিদেশ সফরে যেতে পারেন?
এমনকী, ভারত-পাকিস্তান সংঘাতের সময়ও মার্কিন সচিব মার্কো রুবিও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে নয়, ফোন করেছিলেন আসিম মুনিরকেই।
