T20 World Cup: হারানোর কিছু নেই… চাপটা ভারতের দিকে ঘুরিয়ে দিচ্ছে নামিবিয়া! – Bengali News | Nothing to lose, Namibia is turning the pressure towards India
কলকাতা: তাঁদের হারানোর কিছু নেই। আর তাই চাপটা ভারতের উপরেই। ঘরের মাঠে বিশ্বকাপ ধরে রাখার লড়াইয়ে নেমেছে সূর্যকুমার যাদবের দল। তাই প্রতিপক্ষ ছোট হলেও চাপ থাকবে ভারতের উপর। শুধু তাই নয়, নামিবিয়ার বিরুদ্ধে আবার অভিষেক শর্মাকে নাও পাওয়া যেতে পারে। ভারতের তুলনায় নামিবিয়া যতই ছোট দল হোক না কেন, তাঁরা নামবেন সেরাটা দিতেই। দলের অলরাউন্ডার জান নিকোল লফটি এটন সেই প্রতিশ্রুতিই দিচ্ছেন।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে নামিবিয়া। নিকোলের সোজা কথা, ‘ভারতের বিরুদ্ধে খেলা সব সময় কঠিন। আর সেই কারণেই আমার মনে হয়, চাপটা ভারতেরই উপরে। আমাদের হারানোর কিছু নেই। আমরা দল হিসেবে কতটা ভালো, তুলে ধরার চেষ্টা যেমন করব, সেই সঙ্গে দলে কতটা প্রতিভা রয়েছে, সেটাও দেখাতে চাইছি। ভারতের বিরুদ্ধে নামার আগে আমরা হোমওয়ার্ক করেছি। সেই মতো খেলার চেষ্টা করব।’
দেশের হয়ে ৫১টা ওয়ান ডে ম্যাচ খেলেছেন। সঙ্গে ৫২টা টি-টোয়েন্টি ম্যাচ খেলারও অভিজ্ঞতা রয়েছে নিকোলের। সে দিক থেকে দেখলে তিনি দলের অন্যতম ভরসা। নামিবিয়ায় সদ্য একটি ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেখানে ম্যাচ দেখার জন্য পুরো স্টেডিয়াম উপচে পড়েছিল। যা দেশের ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন বলে মনে করছেন নিকোল। নামিবিয়ার এখন লক্ষ্য টেস্ট স্টেটাস পাওয়া। বিশ্বকাপ খেলতে এসে নিকোল বলছেনও, ‘আমরা নিজেদের লক্ষ্য ঠিক করে ফেলেছি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্য়াচে গত বছর অক্টোবরে জয় নিশ্চিত ভাবেই সেই স্বপ্নকে আরও উস্কে দিয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে সেই লক্ষ্যপূরণ করতে চাইছি।’