Higher Secondary Exam: মেপে মেপে লিখতে হবে উত্তর, দেওয়া হবে না লুজ শিট, এবার উচ্চমাধ্যমিকে থাকছে কোন কোন কড়া নিয়ম? – Bengali News | Final semester of Higher Secondary from Thursday, special rules and strict security for over 7 lakh candidates
কলকাতা: শেষের পথে মাধ্যমিক। রাত পোহালেই শুরু উচ্চমাধ্যমিক। তবে প্রথাগত পদ্ধতির বদলে এবার পরীক্ষা হচ্ছে সম্পূর্ণ নতুন কাঠামোর ভিত্তিতে। চালু হয়েছে সেমিস্টার। বৃহস্পতিবার দ্বাদশের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষায় বসতে চলেছে রাজ্যের প্রায় ৭ লক্ষ ১০ হাজার পড়ুয়া। সুষ্ঠভাবে পরীক্ষা পরিচালনা করতে একেবারে কোমর বেঁধে মাঠে নেমেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশাসনের তরফে করা হয়েছে একগুচ্ছ সতর্কতামূলক পদক্ষেপ।
আগের সেমিস্টারে পরীক্ষার্থীদের মূলত মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। কিন্তু এবারের চূড়ান্ত সেমিস্টারে থাকছে ব্যাখ্যামূলক প্রশ্ন। তবে এক্ষেত্রেও থাকথে পর্ষদের নির্দিষ্ট গাইডলাইন। উত্তর লিখতে হবে মেপে মেপে, অর্থাৎ শব্দসংখ্যার দিকে খেয়াল রাখতে হবে। একইসঙ্গে পরীক্ষায় পরীক্ষার্থীদের কোনও লুজ শিট বা অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। মূল উত্তরপত্রের মধ্যে নির্দিষ্ট জায়গা থাকবে তার মধ্যেই শেষ করতে হবে লেখা। তার বেশি আর জায়গা পাওয়া যাবে না। স্পষ্ট জানাচ্ছে সংসদ।
অন্যদিকে পরীক্ষার্থীদের সুবিধার্থে রাস্তায় নামানো হচ্ছে অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাস। সকাল ৯টা ৫০ মিনিটেই দেওয়া হবে প্রশ্নপত্র। পরীক্ষা শুরু হয়ে যাবে সকাল ১০টা। প্রতি পরীক্ষা কেন্দ্রে থাকছে কড়া নজরদারির ব্যবস্থা। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় গার্ড দেওয়ার জন্য আশপাশের মাধ্যমিক স্কুল এবং প্রাথমিক স্কুলের শিক্ষকদেরও মাঠে নামানো হচ্ছে। অন্যদিকে, রাজ্যে আসন্ন নির্বাচন ও এসআইআর-র আবহেও যাতে পরীক্ষা পরিচালনায় কোনও ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। পরীক্ষার দিনগুলিতে স্কুল পরিদর্শকদের SIR এর কাজ থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে।