মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব – Bengali News | A youth sets shops on fire, captured in CCTV in Jalpaiguri
রবিবার রাতে ধূপগুড়ির রেগুলেটেড মার্কেটে পর পর তিনটি জায়গাতে আগুন লাগে। ৮ থেকে ১০টি অস্থায়ী দোকানঘর ভস্মীভূত হয়ে যায়। পর পর তিনটি জায়গাতে আগুন লাগার ঘটনায় ব্যবসায়ীরা সন্দেহ প্রকাশ করেন, কেউ আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারে। শর্টসার্কিটের জেরে আগুন লেগেছে বলে মন থেকে মেনে নিতে পারছিলেন না তাঁরা। এদিন ব্যবসায়ীদের আশঙ্কা সত্যি হল। মার্কেট চত্বরের একটি ওষুধের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই সবটা জানা গেল। সিসিটিভি ফুটেজে দেখা গেল, এক যুবক রবিবার রাত ১১টা ২৫ মিনিটে পর পর দুটি জায়গাতে আগুন লাগাচ্ছে। ওই যুবক জামা দিয়ে মুখ ঢেকে রেখেছে। তাই, তাকে স্পষ্ট চেনা যাচ্ছে না। ব্যবসায়ীরা সিসিটিভি ফুটেজ পুলিশকে দিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।