‘ভয়ঙ্কর একটা সময়…’ অভিষেক বচ্চনের নাম নিয়ে একী বলে ফেললেন করিশ্মা! – Bengali News | Karisma kapoor was heartbroken after her breakup with abhishek bachchan
কথায় আছে যেটা হওয়ার সেটাই হবে। হাজার চেষ্টা করেও সেটা আটকানো যাবে না। যতই জয়া বচ্চন, করিশ্মা কাপুরকে মন থেকে পুত্রবধূ মেনে নিন না কেন, প্রকাশ্যে সেটা স্বীকার করুন না কেন, করিশ্মা ও অভিষেকের বিচ্ছেদটা যেন ছিল ভবিতব্যই। কিন্তু সেই ভবিতব্যই যে একসময়ে করিশ্মার জীবনকে অন্ধকারের দিকে টেনে নিয়ে গিয়েছিল, তা প্রকাশ্যে জানিয়ে ছিলেন অভিনেত্রী। অভিষেককে যে সত্যিই খুবই ভালোবেসেছিলেন করিশ্মা। তা কিন্তু খুল্লমখুল্লা জানিয়ে ছিলেন বলিউডের লোলো।
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিয়ের অনেক আগে কাপুর আর বচ্চন পরিবার এক সুতোয় বাঁধা পড়ার কথা ছিল। অভিষেক বচ্চন ও করিশ্মা কাপুরের বাগদান সম্পন্ন হলেও শেষ মুহূর্তে তা ভেঙে যায়। কেন সেই বিয়ে ভাঙল, তা নিয়ে আজও দুই পরিবার স্পষ্টভাবে কিছু না বললেও, বিচ্ছেদের পরবর্তী সেই ভয়ংকর মানসিক যন্ত্রণা বা ‘ট্রমা’ নিয়ে একবার মুখ খুলেছিলেন খোদ করিশ্মা।
এক পুরনো সাক্ষাৎকারে করিশ্মা কাপুর জানিয়েছিলেন, অভিষেকের সঙ্গে বিচ্ছেদ তাঁর হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছিল। সেই কঠিন সময়ে সংবাদমাধ্যমের সংযত আচরণের প্রশংসা করে তিনি বলেছিলেন, “আমি মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে সেই সময় একা ছেড়ে দিয়েছিল এবং কোনো অপ্রীতিকর প্রশ্ন করেনি। তবে আমার মা-বাবা (ববিতা ও রণধীর কাপুর), বোন করিনা, ঠাকুমা কৃষ্ণা রাজ কাপুর এবং দুই পিসি (রিমা জৈন ও ঋতু নন্দা) পাশে না থাকলে আমি সেই চরম মানসিক ধাক্কা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারতাম না।”
মজার বিষয় হল, রাজ কাপুরের মেয়ে ঋতু নন্দার ছেলে নিখিল নন্দার সঙ্গে অভিষেক বচ্চনের দিদি শ্বেতা বচ্চনের বিয়ে হয়েছে। অর্থাৎ দুই পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আগে থেকেই বিদ্যমান। শ্বেতার সন্তান নব্যা ও অগস্ত্যকে আজও কাপুর পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়।
বিচ্ছেদের পর দীর্ঘ সময় বচ্চন পরিবারের কেউ করিশ্মার সঙ্গে কথা বলতেন না। তবে ২০১৮ সালে শ্বেতা বচ্চন নিজের পোশাক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে করিশ্মাকে আমন্ত্রণ জানিয়ে সেই দীর্ঘদিনের তিক্ততা দূর করার পথে পা বাড়ান। ডেকান ক্রনিকলের একটি সূত্র অনুযায়ী, “বহু বছর পর শ্বেতাই প্রথম এই অচলাবস্থা ভেঙেছিলেন। দীর্ঘকাল কারোর ওপর ক্ষোভ পুষে রাখা যায় না।” সেই পার্টিতে তাঁদের দুইজনের সাবলীল উপস্থিতি বিটাউনে ইতিবাচক বার্তা দিয়েছিল।
অভিষেকের সঙ্গে বিচ্ছেদের পর ২০০৩ সালে দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন করিশ্মা। তাঁদের দুই সন্তান রয়েছে। তবে সেই সংসারও স্থায়ী হয়নি, ২০১৪ সালে এক তিক্ত আইনি লড়াইয়ের পর তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। অন্যদিকে, অভিষেক বচ্চন ২০০৭ সালে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে ঘর বাঁধেন। ২০১১ সালে তাঁদের কন্যাসন্তান আরাধ্যার জন্ম হয়। পুরনো সেই ক্ষত কাটিয়ে আজ দুই তারকাই নিজের জীবনে এগিয়ে গিয়েছেন, কিন্তু কাপুর-বচ্চন সম্পর্কের সেই ‘ট্রমা’ আজও বলিপাড়ার ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায় হয়ে রয়ে গিয়েছে।