Alipurduar: ডাম্পার চালকের চোখের সামনে নদীতে ভেঙে পড়ল সেতু, শোরগোল ফালাকাটায় - Bengali News | Bridge collapsed in Alipurduar, a dumper driver narrowly escaped - 24 Ghanta Bangla News
Home

Alipurduar: ডাম্পার চালকের চোখের সামনে নদীতে ভেঙে পড়ল সেতু, শোরগোল ফালাকাটায় – Bengali News | Bridge collapsed in Alipurduar, a dumper driver narrowly escaped

Spread the love

নদীতে ভেঙে পড়েছে সেতুImage Credit: TV9 Bangla

ফালাকাটা: কোচবিহারের পর এবার আলিপুরদুয়ার। ফালাকাটায় একটি সেতু ভেঙে নদীতে পড়ল। ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েত ও জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী মুজনাই নদীর উপর অবস্থিত বঙ্কিম সেতুর উপর দিয়ে বালি বোঝাই একটি ডাম্পার পারাপার করার সময় সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার জেরে সেতুটির মাঝামাঝি অংশ দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে।

ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ডাম্পার চালক। তবে তাঁর পায়ে সামান্য আঘাত লাগে। দুর্ঘটনার পর থেকেই সেতুর বাকি অংশও ভাঙতে শুরু করে বলে স্থানীয়দের অভিযোগ। উল্লেখ্য, কিছুদিন আগেই কোচবিহারের মাথাভাঙা এলাকায় ঠিক একইরকমভাবে সেতু ভেঙে দুর্ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সেতু বিপর্যয়ে চাঞ্চল্য ছড়াল ফালাকাটা এলাকায়।

এলাকাবাসীর বক্তব্য, ১৯৯৩ সালে জেলা পরিষদের অর্থে নির্মিত হয়েছিল এই বঙ্কিম সেতুটি। দীর্ঘদিন ধরেই সেতুটি দুর্বল অবস্থায় ছিল। ভারী যানবাহন চলাচলের জন্য উপযুক্ত না হওয়া সত্ত্বেও নিয়মিত বড় গাড়ি চলাচলের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তাঁদের মত।

স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুটি মেরামত অথবা নতুন সেতু নির্মাণের দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দেওগাঁও থেকে জটেশ্বর পর্যন্ত রাস্তার কাজ শুরু হলেও নিম্নমানের কাজের অভিযোগ তুলে এলাকাবাসীরা সেই কাজ বন্ধ করে দেন। অভিযোগ, ওই রাস্তার কাজের বরাত দেওয়া হলেও সেতুটি মেরামত কিংবা নতুন করে নির্মাণের কোনও বরাত দেওয়া হয়নি।

সেতু ভেঙে পড়ায় দেওগাঁও ও জটেশ্বরের মধ্যে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্রুত বিকল্প ব্যবস্থা ও নতুন সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মণও এই সেতু ভেঙে পড়ার জন্য রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছেন। দীর্ঘদিন ধরে মানুষ দাবি জানালেও সেতু সংস্কার না হওয়ায় শাসকদলকে নিশানা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *