ECI in Uttar Pradesh: ফর্ম ৬-এর ‘পাহাড়’, যোগীরাজ্যে আবার SIR-র সময় বৃদ্ধি কমিশনের – Bengali News | SIR in Uttar Pradesh, ECI Extends Objection and Notice Phase Deadline
লখনউ: জল্পনা আগেই তৈরি হয়েছিল, এবার তাতেই সিলমোহর দিল নির্বাচন কমিশন। যোগীরাজ্যে বাড়ল নিবিড় পরিমার্জনের সময়সীমা। আপত্তি জানানো, চূড়ান্ত তালিকা প্রকাশ-সহ গোটা প্রক্রিয়ার দিনক্ষণে বদল ঘটাল উত্তর প্রদেশের সিইও দফতর।
এদিন ওই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া বলেন, ‘৬ ফেব্রুয়ারির মধ্যে বিপুল পরিমাণ ফর্ম ৬ জমা পড়ায় রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়ার ক্ষেত্রে আপত্তি দাখিলের সময়সীমা এক মাস বৃদ্ধি করা হল।’ এর ফলে উত্তর প্রদেশের ভোটাররা আগামী ৬ মার্চ পর্যন্ত তালিকা পরিমার্জন সংক্রান্ত আপত্তি জানাতে পারবেন। পাশাপাশি, নিজেদের নাম সংযোজন, কোনও নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানাতে পারবেন।
এরপর ২৭ মার্চের মধ্য়ে সেই সকল আবেদনগুলি খতিয়ে দেখবে কমিশন। অর্থাৎ ওই দিন পর্যন্ত চলবে শুনানি। শেষবার সময়সীমা বেড়ে উত্তর প্রদেশের এসআইআর-এর জন্য চূড়ান্ত তালিকার পরিবর্তিত তারিখ হয়েছিল ৬ মার্চ। কিন্তু আপত্তি জমা দেওয়ার জন্য় সময়সীমা এক মাস বেড়ে যাওয়ায় প্রভাব পড়ল চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণেও। উত্তর প্রদেশের সিইও দফতর সূত্রে জানা গিয়েছে, এবার সেই রাজ্য়ে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে সেই ১০ এপ্রিল।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি বাংলায় এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে। শুনানির মাধ্য়মে ভোটারদের তথ্য যাচাইয়ের শেষ দিন ৭ ফেব্রুয়ারি অর্থাৎ আগামিকাল। এদিকে কমিশন সূত্রে খবর, তিন দিন আগেও ১০ থেকে ১৫ লক্ষ ভোটারের শুনানি বাকি। সুতরাং, বাংলার ক্ষেত্রে সময়সীমা বাড়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা। যদিও তাতে এখনও সিলমোহর দেয়নি পশ্চিমবঙ্গ সিইও দফতর।