কলম্বোর টিকিট বুক করা আছে... পাকিস্তান ম্যাচ নিয়ে স্পষ্ট বার্তা সূর্যকুমারের - Bengali News | Tickets for colombo are already booked suryakumar sends a clear message on the pakistan match - 24 Ghanta Bangla News
Home

কলম্বোর টিকিট বুক করা আছে… পাকিস্তান ম্যাচ নিয়ে স্পষ্ট বার্তা সূর্যকুমারের – Bengali News | Tickets for colombo are already booked suryakumar sends a clear message on the pakistan match

Spread the love

কলকাতা: বিশ্বকাপ শুরু হতে আর কয়েক ঘণ্টা। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে অনিশ্চয়তার শেষ নেই। ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান খেলতে নামবে কিনা ভারতের বিরুদ্ধে, তা নিয়ে দোলাচল আছে। ভারত কিন্তু সে সব নিয়ে ভাবছে না। তারা সূচি অনুযায়ী পাকিস্তান ম্যাচের জন্য তৈরি হচ্ছে। স্পষ্ট করে দিলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তান সরকারের নির্দেশে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক কমেনি।

এ দিনই সব দেশের অধিনায়কদের নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে আইসিসি। সেখানেই সূর্যকুমার বলেন, “আমাদের লক্ষ্য স্থির। আমরা খেলব না, তা তো বলিনি। ও দিক থেকেই বলা হয়েছে, খেলবে না। আইসিসি সূচি অনুযায়ী আমাদের কলম্বোর ফ্লাইট বুক করা আছে। আমরা যাচ্ছি। বাকিটা সেখানে গিয়ে দেখা যাবে।” ভারত অধিনায়কের এই মন্তব্যে স্পষ্ট, ভারতীয় দল আইসিসির সূচি মেনেই এগোতে চায় গৌতম গম্ভীরের দল।

পাকিস্তানের এই বয়কটের সিদ্ধান্ত ক্রিকেটের জন্য কতটা ভালো, এমন প্রশ্নে সূর্য বলেন, বিষয়টি তাঁর নিয়ন্ত্রণে নেই। তিনি বলেন, এর আগেও এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে তিনবার খেলেছে ভারত। প্রতিবারই নিজেদের সেরাটা দিয়েছেন। সূর্যর কথায়, “আমাদের ১৫ তারিখ খেলতে বলা হয়েছে। সুযোগ পেলে আবার খেলব।” একইসঙ্গে পাকিস্তান সরকারের অবস্থান নিয়েও কথা বলেন ভারত অধিনায়ক। তাঁর মতে, সিদ্ধান্ত নেওয়াটা সহজ নয় এবং এটি সম্পূর্ণ ওদের সরকারের সিদ্ধান্ত। ভারতের ক্যাপ্টেন বলেছেন, “ওদের জন্যও পরিস্থিতি কঠিন। সরকারের তরফ থেকে নির্দেশ এসেছে। সেটার বিরুদ্ধে কিছু করা সম্ভব নয়।”

আবার পাকিস্তান দলের পক্ষ থেকেও একই সুর শোনা গিয়েছে। পাক ক্রিকেটার সালমান আলি আগা জানিয়েছেন, “ভারতের বিরুদ্ধে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নেই। সরকার যা বলবে, আমরা তাই করব।” এমনকি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের মুখোমুখি হলে একই সম্ভাবনা থাকতে পারে। রবিবার পাকিস্তান সরকার জানায়, বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল। তবে এই সিদ্ধান্তের কারণ স্পষ্ট করা হয়নি। সব মিলিয়ে, রাজনৈতিক সিদ্ধান্তের কারনে ভারত-পাকিস্তান ম্যাচ অনিশ্চিত হলেও, ভারতীয় শিবির যে সম্পূর্ণ প্রস্তুত সূর্যকুমারের বক্তব্যে তা পরিষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *