Maoist posters: ‘২০২৬-এ এবার খেলবে মাওবাদীরা…’ ভোটের মুখে পুরুলিয়ায় পোস্টার ঘিরে ঘনাচ্ছে রহস্য - Bengali News | Maoist posters resurface in Purulia, sparking fear in Jangalmahal - 24 Ghanta Bangla News
Home

Maoist posters: ‘২০২৬-এ এবার খেলবে মাওবাদীরা…’ ভোটের মুখে পুরুলিয়ায় পোস্টার ঘিরে ঘনাচ্ছে রহস্য – Bengali News | Maoist posters resurface in Purulia, sparking fear in Jangalmahal

ডানদিকের ছবি প্রতীকী Image Credit: ChatGPT & TV9 Bangla

পুরুলিয়া: ভোটের আগে মাও পোস্টারে ফের তপ্ত হচ্ছে পুরুলিয়া। জঙ্গলমহলে কি ফের ফিরছে সেই পুরনো ভয়ের স্মৃতি? বুধবার সকালে পুরুলিয়া জেলার বোরো থানা এলাকার যে ছবি দেখা গেল তাতে এই প্রশ্নই দানা বেঁধেছে স্থানীয় বাসিন্দাদের মনে। আঁকরো গ্রামের পুকুর পাড় থেকে উদ্ধার হয়েছে মাওবাদী নামাঙ্কিত বেশ কিছু বিতর্কিত পোস্টার। তা ঘিরেই তীব্র আতঙ্ক দানা বেঁধেছে গোটা এলাকা। 

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে বোরো থানার অন্তর্গত আঁকরো বড়কদম অঞ্চলের আঁকরো গ্রামের বাসিন্দারা পুকুর পাড়ে লাল কালিতে লেখা ওই পোস্টারগুলি দেখতে পান। পোস্টারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে ‘২০২৬-এ এবার খেলবে মাওবাদীরা, বনধ না মানলেই মৃত্যুদণ্ড।’ হাতে লেখা এই পোস্টার কখন, কারা দিয়ে গেল তা বুঝতে পারছেন না এলাকার লোকজন। খবর চাউর হতেই শোরগোল শুরু হয়েছে আশপাশের গ্রামগুলিতেও। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বোরো থানার পুলিশ। কথা বলা হচ্ছে এলাকার বাসিন্দাদের সঙ্গে। একইসঙ্গে পুরো ঘটনার তদন্তও শুরু হয়েছে। 

উদ্ধার হওয়া পোস্টারে ‘বনধ’ পালনের নিদান দেওয়া হলেও, ঠিক কবে এই বনধ হবে সে বিষয়ে কোনও নির্দিষ্ট তারিখ বা সময়ের উল্লেখ নেই। এই অসঙ্গতি ঘিরেই ঘনীভূত হচ্ছে রহস্য। জঙ্গলমহলের বর্তমান পরিস্থিতিতে যেখানে মাওবাদী কার্যকলাপ কার্যত নেই বললেই চলে, সেখানে হঠাৎ করে এমন পোস্টার কেন তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রাথমিক তদন্তে পুলিশ ও গোয়েন্দা বিভাগের অনুমান, ভোটের আবহে সাধারণ মানুষের মধ্যে অহেতুক ভয়ের বাতাবরণ তৈরি করতেই সমাজবিরোধী, দুষ্কৃতীদের তরফে মাওবাদীদের নাম ব্যবহার করে এমনটা করা হচ্ছে। বর্তমানে জেলায় মাওবাদীদের কোনও সক্রিয় অস্তিত্ব নেই বলেই দাবি প্রশাসনের। তবুও নিরাপত্তার খাতিরে এলাকায় পুলিশি টহল অনেকটাই বাড়ানো হয়েছে। নেপথ্যে কারা রয়েছে কোনও রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে এই পোস্টার সাঁটানো হয়েছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *