Rohit Sharma on Jasprit Bumrah: ‘দিন-রাত বুমরাই বল করবে?’, গোলাপি টেস্ট হেরে বিরক্ত রোহিত শর্মা! – Bengali News | Jasprit Bumrah can’t bowl from both ends says Rohit Sharma after IND vs AUS Pink Ball Test
Rohit Sharma on Jasprit Bumrah: ‘দিন-রাত বুমরাই বল করবে?’, গোলাপি টেস্ট হেরে বিরক্ত রোহিত শর্মা!Image Credit source: PTI
কলকাতা: জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) একা দায়িত্ব নিয়েছেন ভারতকে বর্ডার-গাভাসকর ট্রফি জেতানোর? নিশ্চিতভাবেই নয়। কিন্তু তাঁর মতো বিশ্বমানের বোলারের উপর ভারতীয় ফ্যানেদের প্রত্যাশা যেন একটু বেশিই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৩ ওভারে ৫টি মেডেন দেন বুমরা। নেন ৪টি উইকেট। তিনি ছাড়া মহম্মদ সিরাজ প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন সিরাজ। কিন্তু তারপরও কোথাও গিয়ে বুমরা যেন অপর প্রান্ত থেকে সঙ্গী পাচ্ছিলেন না। বাকি বোলারদের আরও দায়িত্ব নিতে হবে, এমনটাই মনে করছেন ভারত অধিনায়ক।
একা বুমরার কাঁধে দলকে জেতানোর দায়িত্ব নেই। এমনটাই মনে করেন রোহিত। তাঁর কথায়, ‘এই মুহূর্তে আমরা সিডনি নিয়ে ভাবছি না। আমাদের এখন ভাবতে হবে যে ব্রিসবেনে কী করতে পারি। বুমরা টিমে রয়েছে, এটা খুবই ভালো। কিন্তু ও সব সময় দায়িত্ব নেবে তেমনটা নয়। আমরা সিরাজকে দেখলাম বুমরার সঙ্গে। যখন ও ৪টে উইকেট তুলে নিল, সেই সময় বোঝা যায় দায়িত্ব ভাগাভাগি হয়েছে। এমন সময় তো আসতেই পারে যেখানে বুমরা উইকেট পেল না। তেমনটা হলে অন্যদের এগিয়ে আসতে হবে। সকলের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। আমরা ব্যাটিং গ্রুপেও এই আলোচনাটাই করি। এক্স, ওয়াই, জেডরা সব সময় রান করবে, তেমনটা নয়। দলের সকলকে এটা বুঝতে হবে। টেস্ট সিরিজ জিততে হলে সকলের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া প্রয়োজন। আমাদের টিমেও সেটাই করা হয়েছে।’
বুমরার ওয়ার্কলোড ম্যানেজের দিকে বিশেষ নজর রয়েছে ভারতীয় টিমের। একথাও জানিয়েছেন ভারত অধিনায়ক। রোহিত এই প্রসঙ্গে বলেন, ‘আমি বুমরার সঙ্গে সব সময় কথা বলি। ওর স্পেলের সময়ও জিজ্ঞাসা করি শরীর পারমিট করছে কিনা। এটা পাঁচ টেস্টের সিরিজ। আর আমরা বুমরাকে তরতাজা চাই। আমরা ৫ টেস্ট ম্যাচেই ওকে চাই। বিষয়গুলো এই ভাবে গোছাতে হবে। ওয়ার্কলোড ম্যানেজ করা গুরুত্বপূর্ণ। পরিকল্পনা সব সময় তৈরি রাখা দরকার। এমনটা তো আর হতে পারে না যে বুমরা দুই এন্ড থেকেই বল করবে দিন-রাত ধরে। বোলারদের যে কারণে ম্যানেজ করা দরকার। আমরা বোলারদের সঙ্গে কথা বলি আর সেই মতো সিদ্ধান্ত নেই।’
এই খবরটিও পড়ুন
হর্ষিত রানার জায়গায় আকাশ দীপ এই টেস্টে খেললে কি কিছু পরিবর্তন হতে পারত? দিন-রাতের টেস্টের শেষে রোহিতকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘প্রথম টেস্টে ব্রেক থ্রু দিয়েছিল হর্ষিত রানা। আমি মনে করি না টিমে কোনও ক্রিকেটার যদি তেমন খারাপ পারফর্ম না করে, তা হলে তাঁকে একাদশ থেকে বাদ দেওয়া উচিত। এক ম্যাচ খেলিয়ে কাউকে জাজ করা ঠিক নয়। আমাদের কাছে বিকল্প সব সময় রয়েছে। যদি পরের টেস্টে প্রয়োজন মনে হয় আমরা করতে পারি। প্র্যাক্টিস ম্যাচে রানা ৩-৪টে উইকেট নিয়েছিল। ছন্দে রয়েছএ মনে হচ্ছিল। ভালো ব্যাটারের কাছে পড়েছিল। ওর বড় মন রয়েছে। নিজেকে প্রমাণ করার ইচ্ছে রয়েছে। এই বিষয়গুলোকে সমর্থন করা দরকার। আত্মবিশ্বাস জোগানো দরকার।’