চন্দ্রনাথ খুনে ২ কোটির সুপারি, ‘ভাইপো গ্যাং’ জড়িত! ‘কল রেকর্ড শুনেছি’ জানিয়ে দাবি শুভেন্দুর
শুভেন্দু দাবি করেছেন, যারা সুপারির টাকা সরবরাহের কাজ করেছিল, তাদের কল রেকর্ডিং তিনি নিজে শুনেছেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘যারা টাকা দিয়ে এসেছিল শুটারকে, তাদের কল রেকর্ড শুনেছি। বাকিটা সিবিআই দেখছে। চার্জশিট করেছে।’ শুভেন্দু জানান, তাঁর বিশ্বাস চন্দ্রনাথ খুনের ঘটনায় দোষীদের ফাঁসিই হবে।
গত ৪ মে রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার দু’দিন পরে রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় গুলি করে খুন করা হয় শুভেন্দুর আপ্তসহায়ককে। তাঁর গাড়িচালকও গুলিবিদ্ধ হন। দু’জনকেই প্রথমে মধ্যমগ্রামের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। এর পরেই ঘটনার তদন্তে সিট গড়া হয়।
চন্দ্রনাথ খুনের তীব্র নিন্দা করে সেই সময়েই বিবৃতি দিয়েছিল তৃণমূল। তারা বলেছিল, ‘আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি, যাতে যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা যায়।’ ঘটনাচক্রে, পরে সিবিআইয়ের হাতেই তদন্তভার তুলে দেয় রাজ্য সরকার।