Mamata Banerjee in Supreme Court: সুপ্রিম কোর্টে মমতা, সওয়াল করতে দেখা যাবে? – Bengali News | West Bengal CM Mamata Banerjee reaches Supreme Court
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: PTI
নয়াদিল্লি: দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে পদে থাকাকালীন কি সুপ্রিম কোর্টে সওয়াল করতে দেখা যাবে তাঁকে? গতকাল থেকেই এই জল্পনা বাড়ছে। আর বুধবার সকাল ১০টা নাগাদ দেশের শীর্ষ আদালতে পৌঁছে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দায়ের করা মামলার শুনানি শুরুর বেশ কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মমতা। তবে সওয়াল করবেন কি না, এদিনও এই প্রশ্নের উত্তরে তিনি কিছু বলেননি।
এদিন এসআইআর সংক্রান্ত তিনটি মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন একটি মামলা করেছিলেন। প্রধান বিচারপতির বেঞ্চে এক নম্বর কোর্টে শুনানির তালিকায় ২১ নম্বরে রয়েছে ওই মামলা। আবার এই বিষয়ে মমতার দাখিল করা পিটিশন প্রধান বিচারপতির বেঞ্চে এক নম্বর কোর্টে শুনানির তালিকায় রয়েছে ৩৭ নম্বরে। কবি জয় গোস্বামীর মামলা শুনানির তালিকায় ৩৬ নম্বরে রয়েছে। সব মামলার শুনানি একসঙ্গে হওয়ার কথা।
এদিন সকাল ১০টার কিছু আগে সুপ্রিম কোর্টের উদ্দেশে রওনা দেন মমতা। দশটার কিছু পরে শীর্ষ আদালতে পৌঁছে যান। সুপ্রিম কোর্টের করিডরে হাঁটতে দেখা যায় তাঁকে। শীর্ষ আদালতে তাঁর দায়ের করা মামলার শুনানি শুরুর বেশ কিছুক্ষণ আগে মমতার পৌঁছে যাওয়া নিয়ে জল্পনা বেড়েছে। কয়েকদিন আগে তিনি বলেছিলেন, প্রয়োজনে মানুষের হয়ে সওয়াল করবেন। কথা বলবেন। আজ তিনি তাঁর মামলায় সওয়াল করেন কি না, সেদিকেই তাকিয়ে সবাই। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের ভিতরে প্রবেশ করেছেন।