Kolkata: প্রেমিকাকে 'খুশি' করতে গিয়ে শ্রীঘরে কলেজ পড়ুয়া যুবক, কী ঘটল সরশুনায়? - Bengali News | Youth arrested for stealing in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Kolkata: প্রেমিকাকে ‘খুশি’ করতে গিয়ে শ্রীঘরে কলেজ পড়ুয়া যুবক, কী ঘটল সরশুনায়? – Bengali News | Youth arrested for stealing in Kolkata

Spread the love

সরশুনা: কলেজে পড়েন। উপার্জন করেন না। কিন্তু, প্রেমিকাকে দামি দামি উপহার দিয়ে খুশি করার চেষ্টা। আর সেই দামি উপহার জোগাড় করতে গিয়েই শ্রীঘরে যেতে হল এক যুবককে। ঘটনাটি সরশুনার। নগদ ২৬ লক্ষ টাকা ও সোনার গয়না চুরির অভিযোগে হর্ষবর্ধন সাউ নামে ওই কলেজ পড়ুয়াকে পুলিশ গ্রেফতার করেছে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে তাঁর। নিজের আবাসনের একটি ফ্ল্যাটে চুরির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, সরশুনা থানা এলাকায় একটি অভিজাত আবাসন থেকে চুরির ঘটনা ঘটে গত জানুয়ারি মাসে। অভিযোগ, গত মাসের ১৯ থেকে ২৩ তারিখের মধ্যে ওই আবাসনের টাওয়ার থ্রি-র একটি ফ্ল্যাট থেকে সোনার গয়না-সহ ২৬ লক্ষ টাকা চুরি হয়। পুলিশ তদন্তে নেমে ওই টাওয়ারের বাসিন্দা হর্ষবর্ধন সাউকে গ্রেফতার করে।

আবাসনের টাওয়ার থ্রি-র বাসিন্দা রানি শুক্লা অভিযোগ করেছিলেন, তাঁর ঘর থেকে প্রায় ২৬ লক্ষ টাকা-সহ সোনার গয়না চুরি হয়েছে। পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ-সহ একাধিক তথ্য অনুসন্ধান করে জানতে পারে, রানি শুক্লার ঘরে যাতায়াত ছিল হর্ষবর্ধনের। ঘটনার সময় বাড়িতে ছিলেন না রানি শুক্লারা। বেড়াতে গিয়েছিলেন। সেইসময় তালা ভেঙে চুরি করেন হর্ষবর্ধন।

প্রতিবেশীর ফ্ল্যাটে কেন চুরি করলেন হর্ষবর্ধন?

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জানিয়েছেন, বান্ধবীর দাবি মেটাতেই এই চুরি করেছেন। পড়াশোনার সুবাদে সম্পর্কে তৈরি হয় তাঁদের। কিন্তু, বান্ধবীকে উপহার দিতে পারতেন না। উপহার দিয়ে বান্ধবীকে খুশি করতেই এই কাজ করেছেন। পুলিশ ধৃতের বান্ধবীর ভূমিকাও খতিয়ে দেখছে। ১ ফেব্রুয়ারি হর্ষবর্ধনকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে আদালতে পেশ করা হলে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *