এক ফ্রেমে সলমন, অজয়, আমির, অক্ষয়! নতুন ছবির ঘোষণা? – Bengali News | Salman khan aamir khan akshay kumar and ajay devgan unite for variety india cover
সোশাল মিডিয়ায় টুক করে ভাইরাল হল একটি ছবি। যে ছবি দেখে অনুরাগীদের মধ্যে জল্পনা শুরু। তাহলে কী চার মহারথীদের নিয়ে নতুন কোনও ছবির ঘোষণা? ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক।
১ ফেব্রুয়ারি ভ্যারাইটি ইন্ডিয়া তাদের ম্যাগাজিনের প্রথম প্রচ্ছদটি প্রকাশ্যে এনেছে। সেখানে বলিউডের চার স্তম্ভ সলমন, অজয়, অক্ষয় এবং আমিরকে ‘অপরাজিত’ (Unshakable) এবং ‘স্টারডমের নিয়ম ভাঙা সুপারহিরো’ হিসেবে বর্ণনা করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে অক্ষয় কুমার একটি সোফায় বসে আছেন, আর তাঁর ঠিক পেছনে দাঁড়িয়ে একে অপরের কাঁধে হাত দিয়ে পোজ দিচ্ছেন সলমন, আমির ও অজয়।
ছবিটি ভাইরাল হতেই নেটিজেনদের বড় একটি অংশ শাহরুখ খানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। এক অনুরাগী মন্তব্য করেছেন, “দারুণ ছবি, কিন্তু এসআরকে-কে ছাড়া ফ্রেমটা অসম্পূর্ণ রয়ে গেল।” অন্য এক নেটিজেনের আক্ষেপ, “শাহরুখ থাকলে এটা একটা জেনারেশনাল বা ঐতিহাসিক ছবি হত।” অনেকে আবার হৃতিক রোশনের নামও উল্লেখ করেছেন। তবে শাহরুখকে বাদ দিয়ে বলিউডের ‘আইকন’দের তালিকা যে অসম্পূর্ণ, সেই দাবিই এখন জোরালো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রবিবার মুম্বইয়ে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ম্যাগাজিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সলমন খান, অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না, সিদ্ধার্থ মালহোত্রা, অর্জুন কাপুর, শানায়া কাপুর এবং টাইগার শ্রফসহ একাধিক তারকা। ছবিতে শাহরুখ না থাকলেও, বক্স অফিসে এই চার মহাতারকার লড়াই যে আগামী কয়েক মাসে জমে উঠবে, তা বলাই বাহুল্য।