এক চুমুতেই সব শেষ! প্রেমিকের জন্মদিনে ব্রেকআপে সিলমোহর তারার? - Bengali News | Ap dhillon trends big after tara sutaria veer pahariya breakup - 24 Ghanta Bangla News
Home

এক চুমুতেই সব শেষ! প্রেমিকের জন্মদিনে ব্রেকআপে সিলমোহর তারার? – Bengali News | Ap dhillon trends big after tara sutaria veer pahariya breakup

Spread the love

মাসখানেক আগের কথা। এপি ঢিল্লোঁর একটি অনুষ্ঠানে ভরা মঞ্চে গায়কের গালে চুম্বন করে বসেন তারা সুতারিয়া। তখন দর্শকাসনে উপস্থিত ছিলেন তারার প্রেমিক বীর পাহাড়িয়া। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই নিন্দুকদের একাংশ দাবি করেছিলেন, এই ঘটনা তারার ব্যক্তিগত জীবনে ঝড় তুলবে। যদিও সেই রাতে তারা ও বীরকে হাসিমুখে হাত ধরে অনুষ্ঠানস্থল থেকে বেরোতে দেখা গিয়েছিল, কিন্তু সেই ‘হাসি’ যে দীর্ঘস্থায়ী হলো না, তার প্রমাণ মিলল রবিবার রাতে।

রবিবার ছিল বীর পাহাড়িয়ার জন্মদিন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে জমকালো অনুষ্ঠান হলেও সেখানে দেখা মেলেনি তারার। অনুরাগীরা আশা করেছিলেন, হয়তো সব মান-অভিমান ভুলে বীরের বিশেষ দিনে উপস্থিত হবেন অভিনেত্রী। কিন্তু সেই আশা পূরণ হয়নি। শুধু সশরীরে অনুপস্থিতিই নয়, সমাজমাধ্যমেও বীরকে নিয়ে কোনো শুভেচ্ছাবার্তা পোস্ট করেননি তারা। আর তাতেই এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে যে, তারার ঘর ভাঙার খবর নেহাত গুঞ্জন নয়।

এপি ঢিল্লোঁর ঘটনার পর নেটিজেনদের তোপের মুখে পড়েছিলেন তারা। প্রকাশ্য অনুষ্ঠানে অন্য এক গায়ককে চুমু খাওয়ায় বীরের প্রতি তাঁর আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। যদিও সেই সময় এক বিবৃতিতে তারা জানিয়েছিলেন, বাইরের কোনও মন্তব্য বা ঘটনা তাঁদের সম্পর্কে প্রভাব ফেলবে না। কিন্তু বাস্তবের চিত্রটা বদলে যায় দ্রুত। সম্প্রতি কৃতি সেননের বোন নূপুর সেননের বিয়েতেও বীরকে একা দেখা গিয়েছিল, পাশে ছিলেন না তারা।

সম্পর্কের টানাপোড়েনের মাঝেই বীরের একটি সমাজমাধ্যম পোস্ট নতুন করে আলোচনা উসকে দিয়েছিল। তিনি লিখেছিলেন, “ভালো হোক কিংবা খারাপ, সময় বদলাবে নিশ্চয়ই।” সময়ের এই পরিবর্তনই কি তবে তারাকে তাঁর জীবন থেকে দূরে সরিয়ে দিল? বিচ্ছেদ নিয়ে দুই তারকাই আপাতত মৌন থাকলেও, বীরের নিঃসঙ্গ জন্মদিন সেই মৌনতাকে আরও বাচাল করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *