India-EU Free Trade Deal: দাম কমবে গাড়ি, মদ ও ওষুধের! আর কী কী সস্তা হবে ভারত-ইউরোপীয় ইউনিয়নের চুক্তিতে? – Bengali News | India EU Free Trade Deal: Cars, liquor, and medicines will become cheaper! What else will become cheaper under the India European Union agreement?
১৮ বছরের অপেক্ষার অবসান। অবশেষে সিলমোহর পড়ল ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যের মুক্ত বাণিজ্য চুক্তিতে। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন এই চুক্তিকে বলছেন ‘মাদার অফ অল ডিলস’। এই চুক্তির কারণে একদিকে যেমন দরজা খুলবে ভারতীয় রফতানির। তেমনই দেশের বাজারেও অনেকটা সস্তা হয়ে যাবে ইউরোপীয় পণ্য।
সবচেয়ে বড় সুখবর হবে সেই সব ব্যক্তিদের জন্য যাঁরা আগামীতে লাক্সারি গাড়ি কিনবেন বলে ভেবেছেন। কারণ দাম কমবে এই ধরনের গাড়ির। মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ ও অডির মতো গাড়িতে এতদিন আমদানি শুল্ক ছিল ১০০ শতাংশের বেশি। নতুন চুক্তিতে ১৫ হাজার ইউরোর বেশি দামের গাড়িতে শুল্ক কমে হবে ৪০ শতাংশ। যা আগামীতে গিয়ে দাঁড়াবে ১০ শতাংশে। ফলে, এই ধরনের গাড়ির দাম কমতে পারে কয়েক লক্ষ টাকা। তবে, ভারতের অটোমোবাইল শিল্পকে বাঁচাতেও পদক্ষেপ করা হয়েছে এখানে। ২৫ লক্ষ টাকার কমের গাড়ি ইউরোপ থেকে আমদানি করা যাবে না। সেই সব গাড়ি তৈরি তৈরি করতে হবে ভারতের মাটিতেই।
সুরা প্রেমীদের জন্য আরও ভাল খবর। ফ্রান্স, ইটালি বা স্পেন থেকে আমদানি করা সুরায় বর্তমানে শুল্ক ছিল ১৫০ শতাংশ। যা ধাপে ধাপে কমতে কমতে নামবে ২০ শতাংশে। এতে একাধিক মদের দাম কমবে। যদিও যে সব ওয়াইনের মূল্য ২.৫ ইউরোর কম, সেখানে কোনও ছাড় দেওয়া হয়নি। এর কারণ হল দেশীয় বাজারকে সুরক্ষিত রাখা।
এই চুক্তির ফলে ইউরোপ থেকে ক্যানসার সহ একাধিক জটিল রোগের চিকিৎসা সরঞ্জামের দাম কমবে। যে সব যন্ত্রাংশ আমদানি করা হয় ইউরোপ থেকে সেই সব সরঞ্জাম সস্তা হবে। পাশাপাশি ২৭টি ভারতীয় ওষুধ ইউরোপীয় বাজারের ঢুকতে পারবে।
উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ, মোবাইল ফোনের স্পেয়ার পার্টস, বিমানের যন্ত্রাংশের উপর থেকে শুল্ক উঠে গেলে কমে যাবে উৎপাদনের খরচ। আর এর ফলে, কমবে ওষুধের দাম। উপকার হবে সাধারণ মানুষেরই। এ ছাড়াও ইস্পাত ও রাসায়নিক পণ্যের শুল্ক শূন্য হয়ে গেলে স্বস্তি আসবে নির্মাণ শিল্পে। সব মিলিয়ে এই চুক্তির ফলে বৃদ্ধি পাবে ভারতের রফতানি। এ ছাড়াও ভারতের বাজারে দাম কমবে ইউরোপীয় পণ্যেরও। ফলে, বলা যায় সব পক্ষের জন্যই এটা একটা ভাল খবর।