Narendra Modi: প্রধানমন্ত্রীর বক্তব্যে হরিচাঁদ ঠাকুর থেকে বড়মা, প্রশ্ন রয়ে গেল মতুয়াদের নাগরিকত্ব নিয়ে – Bengali News | Narendra Modi Audio speech at Taherpur, Nadia, talks about Matuas but CAA not mentioned
তাহেরপুর: নদিয়ার মতুয়া অধ্যুষিত এলাকায় সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আবহাওয়ার কারণে তাঁর হেলিকপ্টার অবতরণ করতে না পারায় কলকাতা থেকে অডিয়ো বার্তা দিয়েছেন তিনি। ‘জয় নিতাই’ বলে বক্তব্য শুরু করার পর এদিন প্রধানমন্ত্রীর মুখে একে মতুয়াদের কথা শোনা গেল। শুরুতেই বললেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের কথা। বললেন বড়মার কথাও। কিন্তু মতুয়াদের নাগরিকত্বের কী হবে, ভোটার তালিকায় তাঁরা জায়গা পাবেন কি না, সে বিষয়টি উল্লেখ করেননি।
এদিন মোদীর বক্তব্য শুরু হওয়ার আগে মঞ্চে বক্তৃতা দেওয়ার পর বিজেপির রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “কোনও হিন্দু উদ্বাস্তু ভোটার তালিকা থেকে বাদ যাবে না। যারা শাখা সিঁদুরকে অক্ষত রাখতে, ধর্ম বাঁচাতে, ওপার থেকে এপারে এসেছে, তাদের পাশে যে রাজনৈতিক দল রয়েছে তার নাম বিজেপি।” তিনি আশ্বাস দেন, প্রধানমন্ত্রীও সভা থেকে একথা বলবেন।
এরপর প্রধানমন্ত্রী অডিয়ো বার্তা শুরু করার পর উল্লেখ করেন, হরিনাম সংকীর্তন ও তাতে মতুয়াদের অবদানের কথা। মোদীর মুখে শোনা যায়, ‘হরিনাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই।’ তবে মতুয়াদের নাগরিকত্বের আবেদনের বিষয় নিয়ে কোনও কথা বলেননি মোদী।
সভা শেষে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “যেহেতু একটা প্রক্রিয়া চলছে, সেই কারণে এই বিষয়ে কেউ এখন কিছু বলতে পারেন না। তাই উনি বলেননি।” সেই সঙ্গে সুকান্ত মজুমদার আরও বলেন, “এই যে মতুয়ারা নাগরিক হননি, তাঁর দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ তিনি সিএএ-তে আবেদন করতে নিষেধ করেছিলেন।” অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “সিএএ নিয়ে কথা না বললেও অনুপ্রবেশকারীদের কথা বলেছেন মোদী।”