ছেলেকে সামনে আনলেন রাঘব-পরিণীতি, কী নাম রাখলেন? – Bengali News | Parineeti chopra raghav chadha announce their baby boys name as neer
অক্টোবর মাসের ১৯ তারিখ পুত্রসন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে এতদিন ছেলেকে সবার নজর থেকে লুকিয়ে রেখেছিলেন। মাঝে মধ্যে পরিণীতি নিজেই সোশাল মিডিয়ায় মাতৃত্ব নিয়ে নানা অভিজ্ঞতা শেয়ার করলেও, ছেলেকে নিয়ে খুব একটা বিস্তারিত তাঁকে কথা বলতে দেখা যায়নি। তবে এবার আর লুকোছাপা নয়। সোশাল মিডিয়ায় ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন রাঘব-পরিণীতি। জানিয়ে দিলেন ছেলের নাম রেখেছেন নীর। রাঘব ও পরিণীতির পছন্দেই নামকরণ করা হয়েছে খুদের।
অন্তঃসত্ত্বা হওয়ার পর মুম্বই ছেড়ে দিল্লির শ্বশুরবাড়িতেই ছিলেন পরিণীতি। সেখান থেকেই ইউটিউব চ্যানেল খুলে মাতৃত্বকালীন অভিজ্ঞতা শেয়ার করতেন পরিণীতি। আর এবার ছেলের সঙ্গে ছবি দিয়ে পরিণীতি লিখলেন, ‘আমাদের নীর।’ তবে খুদের মুখ দেখাননি পরিণীতি ও রাঘব। বরং তার ছোট্ট পায়ে চুমু খাওয়ার ছবি পোস্ট করেছেন তারকা দম্পতি।
প্রসঙ্গত, চলতি বছর অগাস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার কথা সামনে আনেন পরিণীতি।ইনস্টাগ্রামে একটি সাদা-সোনালি কেকের ছবি পোস্ট করে লিখেছিলেন, “আমাদের ছোট্ট জগত… আসছে, আশীর্বাদ করবেন।” কেকের উপরে লেখা ছিল “1 + 1 = 3”, যা তাঁদের আসন্ন সন্তানের ইঙ্গিত স্পষ্ট করেছিল।
রাঘব পরিণীতি জুটি বরাবরই সকলের নজর কেড়েছে। তাঁদের সম্পর্কের সমীকরণ বেশ মিষ্টি। একে অপরকে আগলে তাঁদের সংসার। আর সেই সংসারই এবার পরিপূর্ণ। দীপাবলির আগেই তাঁর পরিবার খুশির আলোয় আলোকিত। শুভেচ্ছাবার্তায় ভরছে নেটপাড়া।