SIR: বন্দিদের ফর্ম পূরণে এবার বিশেষ নির্দেশিকা কারা দফতরের – Bengali News | Sir Prisons Department issues special guidelines for prisoners to fill out forms
কলকাতা: বিচারাধীন বন্দির SIR নিয়ে এবার নির্দেশিকা জারি করেছে কারা দফতর। ভোটার তালিকায় বিশেষ সমীক্ষায় কারোর নাম যাতে বাদ না পড়ে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্দির পরিবারের সদস্যরা ফর্মপূরণের জন্য এলে সবরকম সাহায্য করতে হবে, জেলের ওয়েলফেয়ার অফিসার-সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সেই কাজ করবেন। এডিজি কারা লক্ষ্মীনারায়ণ মিনা এই নির্দেশিকা ইতিমধ্যেই জেলগুলোতে পাঠিয়ে দিয়েছেন। রাজ্যের ৬২টি সংশোধনাগারে ২৫ হাজার বন্দি রয়েছেন বলে সূত্রের খবর। বিচারাধীন প্রত্যেক বন্দি পাচ্ছেন ফর্ম পূরণের সুযোগ। বেশ কয়েকটি সংশোধনাগারে ফর্ম নিয়ে যান বন্দিদের পরিজনরা। ফর্ম পূরণ করিয়ে সেটি রেখে দিচ্ছে জেল কর্তৃপক্ষ।
জেলা সংশোধনাগারের সুপারিন্টেনডেন্ট গৌতম রায় জানিয়েছেন, এডিজি (সংশোধনী পরিষেবা) শনিবার একটি নির্দেশ পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, ‘SIR’-এর ফর্মে কোনও বন্দির পরিবার যদি সই করাতে চান, তাহলে সেটা করিয়ে দিতে হবে।
রাজ্যের ৬২টি সংশোধনাগারে ২৫ হাজার বন্দি যে রয়েছেন, তাঁদের মধ্যে বাংলাদেশিও রয়েছে বলে সূত্রের খবর। সেই সমস্ত বাংলাদেশি কত সালে ভারতে এসেছিলেন, তাঁদের এখানকার পরিচয়পত্র রয়েছে কিনা, সেই সবই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নিয়ম রয়েছে, সপ্তাহের একদিন পরিবারের সদস্যরা বন্দিদের সঙ্গে দেখা করতে আসতে পারেন। সেদিন তাঁরা এনুমারেশন ফর্ম নিয়ে আসতে পারেন। তাঁরা সেটা জেল কর্তৃপক্ষকে বিস্তারিত জানাতে হবে। সব কিছু খতিয়ে দেখার পর তিনি অনুমতি দেবেন বন্দিকে সই করার। সই করানোর পর ফর্ম নিজের কাছে রেখে দেবে জেল কর্তৃপক্ষ।