SIR in Bengal: পরিবার থেকে বিচ্ছিন্ন বহু বছর, SIR-এ নাম তুলতে পারবেন রূপান্তরকামীরা? – Bengali News | Eci allows transgender voters to use guru mothers name in sir verification to prevent harassment
কলকাতা: ২০০২ সালের সংশোধিত ভোটার তালিকায় নাম নেই। এমন ভোটাররা বাবা-মায়ের পরিচয় দিয়ে নতুন সংশোধিত তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। কিন্তু যাঁরা বছর বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন, তাঁদের কি হবে? এঁদের প্রায় সকলেরই হয়তো বাবা-মা রয়েছেন, তবে সন্তানের ভিন্ন চাহিদা বা মূলস্রোতের বাইরে থাকা মনন, সেই সন্তান ও অভিভাবকদের মধ্য়ে তৈরি করেছে বিরাট দূরত্ব। সেই সন্তানরা কি SIR-এ নাম তুলতে পারবেন না?
সোমবার এই প্রশ্ন তুলেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে হাজির হয়েছিল রূপান্তরকামীদের বেশ কয়েকটি সংগঠন। সিইও দফতরে গিয়ে একটি স্মারকলিপি জমা দেয় তাঁরা। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রূপান্তরকামীর জানান, ‘আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাঁরা পরিবার থেকে বিচ্ছিন্ন। অনেকের নাম ২০০২ সালের সংশোধিত তালিকায় নাম রয়েছে। কিন্তু যাঁদের নাম নেই, তাঁদের জন্য গুরু মা-র নাম ব্যবহারের অনুমতি চাইতে এসেছিলাম।’
রূপান্তকামীদের ওই সংগঠনগুলির পাশে থাকার বার্তা দিয়েছে কমিশন। দিয়েছে ‘বিশেষ সুরক্ষাও’। তাঁদের কোনও রকম অসুবিধা হবে না বলেই জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার এই আশ্বাসের পর মঙ্গলবার রাজ্যের জেলা শাসকদের কাছে সংশ্লিষ্ট নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে সিইও দফতর। সেই নির্দেশিকায় বলা হয়েছে, রূপান্তরকামীরা আত্মীয়ের জায়গায় নিজেদের গুরু মায়ের নাম ও তথ্য দিতে পারবেন। পাশাপাশি, তাঁরা যেন কোনও রকম হেনস্থার সম্মুখীন না হন, সেটাও নজরে রাখতে হবে জেলাশাসকদের।
ভুয়ো ভোটার ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তাই ভরসা
কেউ ভুয়ো ছবি ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলছেন না তো? রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের মাঝে সেই ভুয়ো ভোটার রুখতে বাড়তি তৎপর কমিশন। ব্যবহার করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কমিশন সূত্রে খবর, একটি নির্দিষ্ট অ্যাপ দিয়ে ফটো স্ক্যান করবে কমিশন। এই অ্যাপটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। যা ছবি স্ক্যান করেই বলে দিতে পারবে তা ভুয়ো নাকি আসল। আগামী ৯ ডিসেম্বরের পর এই প্রযুক্তি ব্যবহার করবে কমিশন। বাংলা-সহ গোটা দেশে যে যে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে এসআইআর-এর কাজ চলছে সেখানেই ব্য়বহার হবে এই অ্যাপ।