RSS: 'দিদি-ভাইয়ের মধুর...' বাংলার 'দুরবস্থা'র জন্য মমতা-মোদীর সম্পর্ককে কাঠগড়ায় তুলল RSS? - Bengali News | RSS mouthpiece Swastika criticizes relation between central govt and WB govt - 24 Ghanta Bangla News
Home

RSS: ‘দিদি-ভাইয়ের মধুর…’ বাংলার ‘দুরবস্থা’র জন্য মমতা-মোদীর সম্পর্ককে কাঠগড়ায় তুলল RSS? – Bengali News | RSS mouthpiece Swastika criticizes relation between central govt and WB govt

Spread the love

কলকাতা: সম্প্রতি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার ঘিরে তুমুল আলোচনা হয় বঙ্গ রাজনীতিতে। সেখানে অভিজিৎ দাবি করেছেন, বিজেপির কেন্দ্রীয় নেতারা বঙ্গ রাজনীতিতে প্রভাব ফেলতে পারছেন না। প্রাক্তন বিচারপতির দাবি, বাংলার মন বোঝার জন্য দিল্লিবাসী নেতাদের দিয়ে কাজ হবে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই বক্তব্যে সমর্থন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিজেপি নেতাদের একাংশের সেই সুর এবার আরএসএস-এর গলায়!

বাংলায় প্রকাশিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের মুখপত্র ‘স্বস্তিকা’য় নাম না করে রাজ্যের সঙ্গে কেন্দ্রের সম্পর্কের সমালোচনা করা হয়েছে। মুখপত্রের সম্পাদকীয়-তে বাংলার বেহাল অবস্থা নিয়ে অভিযোগ তোলা হয়েছে। আর সেই অবস্থার জন্য কেন্দ্রীয় সরকারকেও কাঠগড়ায় তুলেছে আরএসএস।

সম্পাদকীয়র একেবারে শেষ অংশে নাম না করে প্রধানমন্ত্রীর সমালোচনা করা হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের। সেখানে বলা হয়েছে, “পশ্চিমবঙ্গের দুর্দিনে রাজ্যবাসীর পাশে থাকার কথা যার, দেশের সেই সর্বময়কর্তা এখনও দিদি-ভাইয়ের মধুর সম্পর্ক রক্ষায় ব্যস্ত। বঙ্গজননীর আর্তনাদ না শোনার প্রতিজ্ঞায় অটল।”

বিরোধী দল অর্থাৎ সিপিএম বা কংগ্রেসও মাঝে মধ্যেই ‘সেটিং তত্ত্ব’ নিয়ে কথা বলে থাকে। তাদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর ‘সেটিং’ রয়েছে। অর্থাৎ রাজ্যের শাসক দলের প্রতি কেন্দ্রের প্রচ্ছন্ন সমর্থনের কথা বলে থাকে তারা। এবার সেই কথাই উঠে এলে আরএসএস-এর কলমে!

বিজেপি নেতারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনায় সরব হচ্ছেন। কেউ কেউ বলছেন, দিল্লির নেতারা সক্রিয় হচ্ছেন না। তথাগত রায়ও সম্প্রতি এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। এবার বাংলার বিধানসভা নির্বাচনের মাত্র কয়েকমাস আগে আরএসএস-এর এই বক্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কোনও রাজনৈতিক দল নাহলেও আরএসএস সংগঠনের বিশেষ গুরুত্ব রয়েছে ভারতের রাজনীতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *