রাজামৌলির নতুন ছবির বাজেট ১৩০০ কোটি? প্রিয়াঙ্কা কত কোটি পাচ্ছেন? – Bengali News | Rajamouli taking Varanasi’s budget beyond 1000 crore
এস এস রাজামৌলি মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজকে নিয়ে তাঁর পরবর্তী ছবি করছেন। ‘বারাণসী’–র ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। প্রথম টিজারটি ইতিমধ্যেই শহরের আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং বিভিন্ন স্তরের সিনেমাপ্রেমীদের মধ্যে ছবিটি সম্পর্কে আরও জানার আগ্রহ বাড়ছে। এবার বলিউড জুড়ে ছবির বাজেট নিয়ে আলোচনা শুরু হয়ে গেল।
‘বারাণসী’ নাকি তৈরি হচ্ছে ঐতিহাসিক ১৩০০ কোটি টাকার বাজেটে। “১৩০০ কোটি টাকা এস এস রাজামৌলির বিশাল দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়িত করার জন্য তুলনামূলকভাবে কম বাজেট। যেখানে এসিক্স এবং রামায়ণ–এর মতো ছবি ১৫০০ থেকে ২০০০ কোটি টাকার বাজেটে তৈরি হচ্ছে, সেখানে রাজামৌলি আরও বড় ক্যানভাসের ছবি তৈরি করেন। সেই তুলনায় বাজেট সীমিত,” এক বাণিজ্যিক বিশ্লেষকের মত এমন।
সূত্র আরও জানিয়েছে যে, গ্লোব ট্রটার ইভেন্টটি ভারতের ইতিহাসে অন্যতম বড় ইভেন্ট ছিল। এস এস রাজামৌলি ও তাঁর দল এর জন্য ২০ কোটি টাকা ব্যয় করেছেন। “ছবিটিকে ঘিরে সবকিছু হবে ভারতীয় ছবির ইতিহাসের সবচেয়ে বড় ব্যাপার। এটা শুধুই শুরু”, এমন দাবি করছেন পরিচালকের টিমের লোকরা। ‘বারাণসী’ মুক্তি পাবে ২০২৭ সালে। পরিচালকের আগের ছবি অস্কারের মঞ্চে পুরস্কার জিতেছিল। বিশ্বের দরবারে এই ছবিকে পৌঁছে দিতেও যে বিপুল অঙ্কের টাকা খরচ হবে, তা বুঝতে অসুবিধা হয় না।
রাজামৌলির ছবির বাজেট নিয়ে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনই তাবড় তারকাদের কে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন, তা নিয়েও এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। প্রিয়াঙ্কা চোপড়া কত পারিশ্রমিক পেতে পারেন এই ছবির জন্য? তিনি ৩০ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন বলে খবর। নায়িকাদের পারিশ্রমিকের নিরিখে দীপিকা পাড়ুকোন এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছেন বলে মনে করা হয়। তবে যদি প্রিয়াঙ্কা ৩০ কোটির পারিশ্রমিক নিয়ে থাকেন, তা হলে দীপিকাকে টেক্কা দিয়ে ফেলতেই পারেন। তবে এসব অঙ্ক ঘিরে জল্পনা হলেও, নিশ্চিত করা সম্ভব নয়। কারণ প্রযোজনা সংস্থার তরফে কিছু ঘোষণা করা হয়নি।