Parliament: ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন, এবারও কি উত্তাল হবে সংসদ? – Bengali News | Parliament Winter Session to Begin from 1 December, Conclude on 19 December, Announce Govt
নয়া দিল্লি: শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরকারের পাঠানো শীতকালীন অধিবেশনের প্রস্তাবনায় সম্মতি জানালেন। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু সংসদের অধিবেশন শুরুর ঘোষণা করেন। আগামী ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত অধিবেশন চলবে বলে জানান। গণতন্ত্রকে মজবুত করতে এবং দেশের মানুষদের প্রত্য়াশা পূরণে গঠনমূলক হবে এই অধিবেশন, এমনটাই আশা রাখছে সরকার।
প্রসঙ্গত, সংসদের বাদল অধিবেশন উত্তাল হয়েছিল একাধিক ইস্যুতে। ২৬ এপ্রিলের পহেলগাঁও হামলা, তার জবাবে ভারতের অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হয়েছিল সংসদে। কেন্দ্র ও বিরোধীদের মধ্য়ে তরজা তুঙ্গে ওঠে। পাশাপাশি এসআইআর ইস্যু নিয়েও উত্তাল হয়েছিল অধিবেশন। বিহারে এসআইআরের বিরোধিতা করে আলোচনার দাবি করেছিল বিরোধীরা। সেই নিয়ে দফায় দফায় সংসদ অধিবেশন মুলতুবিও হয়েছিল।
গত অধিবেশনেই সংসদে আনা হয়েছিল ১৩০ তম সংবিধান সংশোধনী বিল, যেখানে বলা হয়েছিল যে কোনও মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি কোনও মামলায় গ্রেফতার হন এবং ৩০ দিন জেলবন্দি থাকেন, তাহলে তাঁকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এই বিলেরও তীব্র বিরোধিতা করে বিরোধী দলগুলি। সংসদেই ছিড়ে ফেলা হয় বিল। দফায় দফায় মুলতুবি হওয়ায় অধিবেশনের মোট সময়ের মাত্র ৩১ শতাংশ কাজ হয়েছিল লোকসভায়, রাজ্যসভায় কাজ হয়েছিল ৩৯ শতাংশ। মোট ১৫টি বিল পাশ হয়েছিল গত অধিবেশনে।