Road Accident: ট্রেলারে ধাক্কা বাসের, পুজো দিয়ে বাড়ি ফেরা হল না ১৫ জনের - Bengali News | At least 15 people killed after a bus rammed a parked trailer in Rajasthan - 24 Ghanta Bangla News
Home

Road Accident: ট্রেলারে ধাক্কা বাসের, পুজো দিয়ে বাড়ি ফেরা হল না ১৫ জনের – Bengali News | At least 15 people killed after a bus rammed a parked trailer in Rajasthan

Spread the love

স্থানীয় বাসিন্দা ও পুলিশ বাসের যাত্রীদের উদ্ধার করে

জয়পুর: মর্মান্তিক। রাস্তায় ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা টেম্পো ট্রাভেলার বাসের। ঘটনাস্থলেই মৃত্যু ১৫ জনের। আহত হয়েছেন আরও তিন জন। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ফালোদি জেলায়। দুর্ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পুলিশ জানিয়েছে, মৃতদের বাড়ি যোধপুরের সুরসাগর এলাকায়। বিকানেরের কোলায়াত মন্দিরে কপিল মুনি আশ্রমে পুজো দিয়ে ফিরছিলেন তাঁরা। জয়পুর থেকে ৪০০ কিমি দূরে ফালোদি জেলায় মাতোদা গ্রামে ভারতমালা হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেলার ধাক্কা মারার পর বাসের সামনের দিকটি দুমড়ে মুচড়ে যায়। যাত্রীরা তাতে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ তাঁদের বাস থেকে বের করেন। যোধপুরের পুলিশ কমিশনার ওম প্রকাশ জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ২ মহিলার অবস্থা গুরুতর। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের যোধপুরের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। আহতদের চিকিৎসায় সবরকম সাহায্যের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটও।

ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। মৃতদের পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী দফতর জানিয়েছে, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *