New Record of Apple: লাভের অঙ্কে ভারতে সর্বকালীন রেকর্ড অ্যাপলের, চাহিদার শীর্ষে আইফোন ১৭ – Bengali News | Apple sells at record levels, Apple’s all time record in profit in India
নয়া দিল্লি: চাহিদা সবসময়ই আকাশছোঁয়া। এবার ভারতের বাজারে নতুন রেকর্ড গড়ল অ্যাপল। চলতি সেপ্টেম্বর ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) ভেঙে গিয়েছে আগের সব রেকর্ড। ভারত থেকে পকেটে ঢুকল সর্বকালের সর্বোচ্চ রাজস্ব। মোট বিক্রির পরিমাণ পৌঁছে গিয়েছে ১০২.৫ বিলিয়ন মার্কিন ডলারে। এই নিয়ে টানা ১৪টি ত্রৈমাসিকে ধারেভারে বাড়তেই থাকল অ্যাপল।
এই বিপুল অঙ্কের সাফল্যে দারুণ উচ্ছ্বসিত অ্যাপল সিইও টিম কুক। তিনি যদিও এর পিছনে নতুন আইফোন ১৭ সিরিজের বিপুল জনপ্রিয়তার কথাই বারবার বলছেন। লঞ্চের পর থেকে এই নতুন আইফোনকে নিয়ে যে মাত্রায় চর্চা চলেছে তা বিক্রির নিরিখে, কোম্পানির ঘরে লাভ আনার নিরিখে পিছিয়ে পড়েছে আগের সব সিরিজের আইফোনই। অবশ্যে এ ক্ষেত্রে সাম্প্রতিককালে গোটা দেশে নতুন করে প্রচুর আইফোন স্টোর খোলার কথাও মনে করাচ্ছেন তিনি। তার ফলে খুচরো বিক্রির পরিমাণও অনেকটাই বেড়ে গিয়েছে।
অ্যাপলের সিএফও কেভান পারেখ বলছেন, “আইফোনের আয় ৪৯ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। আমরা মূলত যে বাজারগুলিকে ট্র্য়াক করি, যেখানে আমাদের বিক্রির মাত্রা সবথেকে বেশি সব জায়গাতেই আমাদের ব্যবসা ফুলেফেঁপে উঠেছে। সেপ্টেম্বর-ত্রৈমাসিকের ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া সহ অনেক উদীয়মান বাজারে রেকর্ড মাত্রায় আইফোন বিক্রি হয়েছে। তবে ভারতের রেকর্ড একেবারে অনন্য। এমনকী যাঁরা পুরনো আইফোন ছেড়ে নতুন আপডেটেড আইফোনের দিকে ঝুঁকেছেন তাঁদের ক্ষেত্রেও এবার এক অভূতপূর্ব রেকর্ড তৈরি হয়েছে।” তাতেই খুশির হাওয়া গোটা সংস্থাতেই। উচ্ছ্বসিত সংস্থার কর্তারা।