Murshidabad: ‘আমি সবচেয়ে বড় মস্তান’, নিজ মুখেই বললেন তৃণমূল বিধায়ক জাকির – Bengali News | ‘No one is bigger mastan than me’, Controversy over Jangirpur MLA Jakir Hossain’s remark
জঙ্গিপুর: তিনি জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক। জঙ্গিপুর পৌরসভায় শাসকদলের তাঁর বিরোধী গোষ্ঠীর লোকেদের বিরুদ্ধে লাগাতার তাঁকে সরব হতে দেখা যায়। দলেরই তাঁর বিরুদ্ধে গোষ্ঠীর নেতাদের হুঁশিয়ারি দিতে গিয়ে জঙ্গিদের বিধায়ক জাকির হোসেন বললেন, তিনি সবচেয়ে বড় মস্তান। তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক বেধেছে। তৃণমূল বিধায়ককে কটাক্ষ করেছে বিজেপি।
গতকাল সন্ধেয় জঙ্গিপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে চায়ের আড্ডায় উপস্থিত ছিলেন বিধায়ক জাকির হোসেন। পৌরসভার পক্ষ থেকে যে সরকারি আবাস দেওয়া হচ্ছে, সেই বিষয়ে তিনি সরর হন। ওই চায়ের আড্ডায় এক তৃণমূল কর্মী বলেন যে পৌরসভায় গিয়ে কাজ হয় না। বিভিন্ন দুর্নীতি হয়। তখনই জাকির হোসেন বলেন, “কে মস্তান? কে কতবড় মস্তান? আমার চেয়ে বড় মস্তান কে রয়েছে? আমি সবচেয়ে বড় মস্তান। কোনও কাজে গিয়ে কেউ ঘুরে এসেছে?” এরপরই তিনি বলেন, “তোমরা আমাকে সঙ্গ দাও, আমি তোমাদের সঙ্গে আছি।”
লোকসভা নির্বাচনের পর থেকে জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বারবার হতে দেখা গিয়েছে জাকির হোসেনকে। কয়েকদিন আগে জাকির বলেছিলেন, মুখ্যমন্ত্রী একশো টাকা পাঠালে ২৫ টাকার কাজ হয়। এবার, দলেরই একাংশকে আক্রমণ করতে গিয়ে তিনি যেভাবে নিজেকে ‘মস্তান’ বলেছেন তা নিয়ে বিতর্ক বেধেছে। ‘মস্তান’ বলতে কী বোঝাতে চেয়েছেন, সেই প্রশ্ন উঠছে।
জঙ্গিপুরের বিধায়কের মন্তব্য নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি সুবলচন্দ্র ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গে তৃণমূল মানেই দুর্নীতির আঁতুড়ঘর। তারা মস্তানি করছে। জাকিরবাবু তো নিজেই সেটা স্বীকার করছেন। জাকিরবাবুর বিধানসভার প্রতিটি জায়গায় দুর্নীতি হচ্ছে। ছাব্বিশের নির্বাচনে মানুষ এর জবাব দেবে।” ২ বার বিধায়ক হয়েও জঙ্গিপুরের উন্নয়নে জাকির হোসেন কোনও কাজ করেননি বলে তাঁর অভিযোগ।