Credit Card: উৎসবের মরসুমে ক্রেডিট কার্ডে জোয়ার, সেপ্টেম্বরে রেকর্ড ২.১৭ লক্ষ কোটি টাকা খরচ! – Bengali News | Credit Card: Credit card usage surges during festive season, spending hits record Rs 2.17 lakh crore in September!
ইউপিআই বা ক্যাশে নয়, এবার রেকর্ড তৈরি করল ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচও। উৎসবের মরসুম শুরু হতে না হতেই শুধুমাত্র সেপ্টেম্বর মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে এক ধাক্কায় ২ লক্ষ ১৭ হাজার কোটির কেনাকাটা করল ভারতীয়রা। আগে কখনও এই বিপুল অঙ্কের খরচ দেখেনি ভারত।
এই খরচের পিছনে প্রধানত বেশ কয়েকটি কারণ রয়েছে। উৎসবের সময় চাহিদা, উৎসবের মরসুমে বিবিধ সেল ও সরকারের জিএসটির হার কমানোর সিদ্ধান্ত। বাজার বিশেষজ্ঞরা বলছেন, জিএসটি কমার ফলে অনেক পণ্যের দাম কমেছে। সেই সুবিধা নিতেই মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, সকলেই কেনাকাটায় করেছেন। আগস্ট মাসের ১ লক্ষ ৯১ হাজার কোটি টাকার তুলনায় সেপ্টেম্বরে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ বেড়েছে প্রায় ১৪ শতাংশ।
কোন ব্যাঙ্ক কত বাড়াল খরচ?
ক্রেডিট কার্ড ইস্যু করা প্রধান ব্যাঙ্কগুলির মধ্যে প্রতিযোগিতা ছিল চোখে পড়ার মতো। তথ্য বলছে, এসবিআই কার্ডসের গ্রাহকরা সবচেয়ে বেশি খরচ করেছেন, বৃদ্ধি হয়েছে ২২.৮৬ শতাংশ। এরপরেই আছে আইসিআইসিআই ব্যাঙ্ক, যাদের কার্ড ব্যবহার করে খরচ বেড়েছে ২১.৫ শতাংশ। দেশের বৃহত্তম কার্ড ইস্যুকারী ব্যাঙ্ক এইচডিএফসির কার্ড ব্যবহার করে খরচ ১২.৪৫ শতাংশ বেড়ে ৬০ হাজার ৫৮২ কোটি টাকা পেরিয়ে গিয়েছে।
বড় ব্যাঙ্কগুলির এই বিপুল বৃদ্ধিই ইঙ্গিত দিচ্ছে বাজারের জোর। তবে শুধু খরচই নয়, একই সঙ্গে বেড়েছে কার্ডের সংখ্যাও। এক মাসে দেশে মোট ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়ে এখন ১১ কোটি ৩৪ লক্ষ।
বাজার কী বলছে?
অর্থনীতির কারবারিরা মনে করছেন, এটি দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত। উৎসবের মরসুম সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলে। এই সময় ব্যাঙ্কগুলি আকর্ষণীয় অফার, ক্যাশব্যাক ও সহজ কিস্তির ব্যবস্থা রাখে। কিন্তু কার্ডের মাধ্যমে বেশি খরচ মানে, মানুষের হাতে নগদ টাকা কমছে বা ঋণের প্রতি নির্ভরতা বাড়ছে।
তাই একদিকে যেমন উৎসবের আনন্দ, তেমনই অন্য দিকে এই ঋণের জাল কতদূর বিস্তৃত হচ্ছে, সেই দিকে নজর রাখা দরকার। আগামী মাসগুলিতে এই গতি কতটা ধরে রাখা যায় এবং ঋণের ঝুঁকি বাড়ে কি না, সেটাই এখন দেখার বিষয়।