Minor Girl Death: সমুদ্রের ধারে ঝাউগাছে ঝুলছে কিশোরীর দেহ, দৃশ্য দেখে শিউরে উঠলেন মহিলারা – Bengali News | One Minor girl deadbody recover from purba medinipur junput
কাঁথি: কাঁথির জুনপুটে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ত্রিকোণ প্রেমের জেরেই কি পরিকল্পনা করেই এই খুন? প্রশ্ন তুলছেন এলাকাবাসী। ভোর রাতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নাবালক প্রেমিককে। তবে প্রেমিকের পরিবারের দাবি, তাঁদের ছেলে এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।
জানা গিয়েছে, রবিবার বিকেলে কয়েকজন মহিলা জুনপুট থানা এলাকার গোপালপুর থেকে যাচ্ছিলেন। সেই সময় রিসর্টের পিছনের একটি ঝাউগাছে দেখেন এক কিশোরী ঝুলছে। এই দৃশ্য দেখে কার্যত আঁতকে ওঠেন তাঁরা। দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ এসে কিশোরীর দেহ উদ্ধার করেন। পুলিশের অনুমান, কিশোরীর বয়স পনোরো।এরপর খোঁজ খবর নিয়ে ওই কিশোরীর নাম ও পরিচয় জানা যায়। মেয়ের মৃত্যুর খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যায় পরিবার। নাবালিকার পরিবারের দাবি, গত ২৫ তারিখ অর্থাৎ শনিবার বিকেল তিনটের পর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় সে। একদিন পর উদ্ধার হয় দেহ।
এ প্রসঙ্গে, কাঁথি মহকুমা পুলিস আধিকারিক দিবাকর দাস বলেন, “আমরা ঘটনা জানার সঙ্গে-সঙ্গে তদন্ত শুরু করি। একটা ছবি উদ্ধার হয় মেয়েটির। তাঁর সঙ্গে একজন নাবালকও রয়েছে। এই যুগলের ছবি দেখে তার ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে প্রথমে একজনকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। কিশোরীর দেহ ময়নাতদন্ত হবে আজ।”
এলাকাবাসীর দাবি, ত্রিকোণ প্রেমের জেরে মেয়েটিকে খুন করা হয়ে থাকতে পারে। একাংশ আবার এও বলেছেন, শুক্রবার এই যুগল এলকায় ঘুরছিল। পুলিশের অনুমান, হয়ত ত্রিকোণ প্রেমের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে স্পষ্ট নয় কোনও কিছুই।
অভিযুক্তের বাবা এ দিন নিজের ছেলেকে নির্দোষ বলে দাবি করেন। তিনি বলেন, “ওই নাবালিকার সঙ্গে আমাদের মেয়ের প্রেম ছিল ঠিকই। কিন্তু ছেলে এমন করেনি। ছেলের চার থেকে পাঁচ জনের বন্ধু ছিল। তারাই হয়ত এই কাজ করেছে।” যদিও, মৃতের মা-বাবা এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া দিতে পারেননি। মেয়েকে হারিয়ে মানসিক ভাবে ভেঙে পড়ছেন তাঁরা।