বড়দিন থেকে বাংলা ছবি লড়বে কোন-কোন হিন্দি ছবির সঙ্গে? – Bengali News | Which hindi films will bengali movies have to compete with in 2026
দুর্গাপুজোতে বাংলা ছবির শো পাওয়া নিয়ে বিস্তর লড়াই হয়েছে। তাই এবার রাজ্য সরকারের তৈরি করে দেওয়া স্ত্রিনিং কমিটি ঠিক করে দিল, উত্সবের মরসুমে তিনটের বেশি বাংলা ছবি মুক্তি পাবে না। স্ক্রিনিং কমিটির বৈঠকে সারা বছর কখন কোন বাংলা ছবি আসবে, তা নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। যেহেতু কোনও ছুটির দিন একসঙ্গে তিনটের বেশি বাংলা ছবি আসবে না, তাই প্রযোজকরা দিন ভাগ করে নিয়েছেন।
দশটা ছুটির মরসুমে বাংলা ছবি আসবেই, তা ঠিক হয়েছে। একাধিক বাংলা ছবি আসার সম্ভাবনা বেশি এই সব সময়ে। যেমন বড়দিনে তিনটে বাংলা ছবি আসছে। এই তিন ছবিকে হলিউডের ছবি ছাড়াও লড়াই করতে হবে ‘আলফা’-র সঙ্গে। যশরাজ ফিল্মস-এর প্রযোজনায় আলিয়া ভাট এই ছবির প্রধান মুখ। বড়দিনের পর ২৩ জানুয়ারি তিনটে ছবি মুক্তি পাচ্ছে। এই তারিখে সানি দেওল-বরুণ ধাওয়ান অভিনীত ‘বর্ডার টু’ ছবিটা মুক্তি পাবে।
মার্চ মাসের ২০ তারিখ তিনটে হিন্দি ছবির আসার কথা। আছে ‘লাভ অ্যান্ড ওয়ার’। তার সঙ্গে আছে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের ছবি ‘কিং’। অজয় দেবগণ অভিনীত একটা ছবিও মুক্তি পাবে একই দিনে। বরং পয়লা বৈশাখে লড়াই অত তীব্র নয়। বরুণ ধাওয়ান অভিনীত একটা ছবি মুক্তি পাবে। ইমতিয়াজ পরিচালিত একটা ছবির সঙ্গে লড়াই করতে হতে পারে।
এপ্রিলের পর থেকে কখন কোন বড় বিনিয়োগের হিন্দি ছবি মুক্তি পাবে, তা এখনও ঠিক হয়নি। তবে অক্টোবরের গোড়ায় রয়েছে ‘দৃশ্যম থ্রি’। নভেম্বর মাসের ৬ তারিখে মুক্তি পাবে ‘রামায়ণ ১’। আগামী বছর বড়দিনে আসছে ‘শক্তি শালিনী’। এই তিনটে ছবি দর্শক টানতে পারে বলেই, এই সময় বাংলা ছবিকে লড়ে জায়গা করে নিতে হবে। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য বছরের প্রথমভাগে বড় বিনিয়োগের ছবি মুক্তি পাবে না। তবে ২০২৬-এ হিন্দি ছবির সঙ্গে যে বাংলা ছবির তুমুল লড়াই থাকবে, তা বোঝা যাচ্ছে।