Kalyan on Sukanta: ‘অসুর হিসাবে সুকান্ত একেবারে ফিট ক্যান্ডিডেট’, কল্যাণ বলতেই কেন্দ্রীয় মন্ত্রী বললেন… – Bengali News | TMC MP Kalyan Banerjee comment attack Sukanta Majumdar
কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সুকান্ত মজুমদারImage Credit: Tv9 Bangla
হীরক মুখোপাধ্যায় ও শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট
বাঁকুড়া: SIR ইস্যুতে বাগবিতণ্ডা শুরু হয়েছিল। কালীপুজো কাটলেও মিটল না দুই সাংসদের সেই ঝামেলা। কথা হচ্ছে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আজ অর্থাৎ মঙ্গলবার তৃণমূল সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে অসুরের সঙ্গে তুলনা করেছেন। পাল্টা আবার কল্যাণকেও কটাক্ষ করেছেন সুকান্ত।
এদিন অসুর প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী বছর শ্রীরামপুরে আমরা থিমে সব অসুর তৈরি করব। এর মধ্যে অসুর হিসাবে সুকান্তর মুখটা ভাল মানাবে। সুকান্তকে অসুর-অসুর দেখতে। তাই অসুর হিসাবে সুকান্ত একেবারে ফিট ক্যান্ডিডেট।” একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে পাপী তাপী বলেও উল্লেখ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আজ বাঁকুড়ার নিজের দোলতলায় বাড়িতে কালীপুজোয় আসেন শ্রীরামপুরের সাংসদ। কালীপুজোতে আরতির সময় আবেগে কেঁদে ভাসান তিনি। কালী প্রতিমাকে জড়িয়ে ধরে বেশ কয়েক মিনিট ধরে তিনি হাউহাউ করে কাঁদতে থাকেন। পরে তিনি বলেন, “মায়ের কাছেই তো ছেলে কাঁদে। মা এর কাছেই ছেলে হাসে, ছেলে কাঁদে। মা এর কাছে চাইলাম শক্তি চাইলাম, ভক্তি চাইলাম। মা এর কাছে চাইলাম ২০২৬ এ বিজেপি যেন শূন্য হয়ে যায়। নরেন্দ্র মোদী আর অমিত শাহর মুখ ভোঁতা হয়ে যায়। আর শুভেন্দুর মতো পাপী তাপীগুলো যেন সরে যায়।”
যদিও, যাকে নিয়ে সাংসদ কটাক্ষ করেছেন সেই সুকান্ত মজুমদারের আবার বক্তব্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশিদিন থাকলে মায়ের পুজো আর হবে না। তিনি বলেন, ” কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বেশিদিন থাকলে মায়ের পুজো আর হবে না। শুধু বাঁকুড়া নয় গোটা পশ্চিমবঙ্গেই আর হবে না।”