Bhangarh: ১০ বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ ভাঙড়ে – Bengali News | Widespread tension over allegations of physical harassment of 10 year old minor in Bhangarh
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla
ভাঙড়: ১০ বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। আর এই অভিযোগকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা ভাঙড়ের হাটগাছা এলাকায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় নেতারা ঘটনাস্থলে ছুটে যান। তাঁদের ঘিরেও ব্য়াুপক বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশের গাড়িও দীর্ঘক্ষণ আটকে রাখায়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন বামনঘাটার পঞ্চায়েত প্রধানের স্বামী তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা অষ্টপদ নস্কর। তাঁকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখা যায় উত্তেজিত জনতা।
অভিযোগ উঠেছে এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ওই নাবালিকার প্রতিবেশী বলে জানা যাচ্ছে। অভিযোগ, ওই নাবালিক ফুল তুলতে গেলে তাঁকে ফুল ও খাবারের প্রলোভন দেখানো হয়। তারপর তাকে বাড়িতে নিয়ে যায় ওই ব্যক্তি। ফাঁকা বাড়িতে তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ছাড়া পেয়ে বাড়িতে ফিরে সবটা জানায় ১০ বছরের ওই নাবালিকা। খবর চাউর হতেই ক্ষোভ ফুঁসে ওঠেন অন্য়ান্য প্রতিবেশীরা। অভিযুক্তর বাড়ি ঘিরে ধরেও চলে বিক্ষোভ।
উত্তেজনার মধ্য়েই খবর চলে যায় পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লেদার কমপ্লেক্স থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁদের গাড়ি আটকে রেখেও দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। তাঁদের একটাই দাবি, কঠোর শাস্তি দিতে হবে অভিযুক্তকে। এলাকার এক বাসিন্দা বলছেন, “মেয়েটা সকালে ফুল তুলতে বেরিয়েছিল। কিন্তু তখন থেকেই অভিযুক্ত ওকে ফলো করছিল। মেয়েটাকে ফুঁসলিয়ে নিজের বাড়ির ভিতরে নিয়ে যায়। তারপরই শারীরিক নির্যাতন করা হয়। ও যাতে মুখ না খোলে তার জন্য মিষ্টি খাওয়ানো হয়, ফুলও তুলে দেয়।” পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ তুলে আর এক প্রতিবেশী বলছেন, “অভিযুক্তর বউ বলেছে ওরা নাকি ঘুষ দিয়েছে। কাকে দিয়েছে জানি না। কিন্তু পুলিশ আমাদের কথা শুনছে না। আমাদের উপর চড়াও হচ্ছে। আমরা দোষীর শাস্তি চাই।”